Sylhet Today 24 PRINT

সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা, আটকে রেখেছি: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ২৭ নভেম্বর, ২০২৬

সয়াবিন তেলের দাম আরও কিছুটা বাড়ার কথা থাকলেও আমদানিকারকদের রাজি করিয়ে আটকে রেখেছেন বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি ভালো রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে কেএএফসিওর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় অসচ্ছল শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত ও বাজার পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাজারে পণ্যের সরবরাহ স্থিতিশীল রয়েছে। রমজান সামনে রেখে অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ পরিস্থিতিও ভালো। এ নিয়ে আপাতত কোনো সমস্যা নেই।

বাজার স্থিতিশীল রাখার বিষয়ে মন্ত্রী বলেন, এর দুটি দিক রয়েছে। একটি হলো পণ্যের সরবরাহ ও পরিমাণ ঠিক রাখা, অন্যটি হলো দাম স্থিতিশীল রাখা।

ভোজ্যতেলের দাম প্রসঙ্গে তিনি বলেন, সয়াবিন ও পাম অয়েলের উৎপাদনস্থল বাংলাদেশ নয়। আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের দাম কমলে দেশের বাজারেও তার প্রভাব পড়ে। আবার আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশের বাজারেও এর প্রভাব পড়ে।

মন্ত্রী বলেন, প্রচলিত মূল্য নির্ধারণ পদ্ধতি অনুযায়ী সয়াবিন তেলের দাম আরও কিছুটা বেশি হওয়ার কথা। তবে আমদানিকারকদের রাজি করিয়ে বর্তমান দাম ধরে রাখা হয়েছে। একধরনের চাপ প্রয়োগ করেও তাদের রাজি করানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তেলের দাম নির্ধারণের প্রক্রিয়া সম্পর্কে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের সিএফআর মূল্য, বন্দরের খরচ, প্রক্রিয়াজাতকরণ ব্যয় ও অপচয়ের হিসাব বিবেচনায় নিয়ে প্রতি লিটারের খরচ নির্ধারণ করা হয়। এ হিসাব বাণিজ্য মন্ত্রণালয় থেকে সংগ্রহ করে সাংবাদিকেরা নিজেরাও যাচাই করতে পারবেন।

তিনি বলেন, এটি কোনো গোপন হিসাব নয়। সাংবাদিকেরা চাইলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে মূল্য নির্ধারণের সূত্র সংগ্রহ করে নিজেরাই হিসাব করে দেখতে পারবেন।

এরআগে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে মন্ত্রী বলেন, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাভাবিক ও স্বনির্ভর জীবনযাপনের সুযোগ সৃষ্টিতে সরকার কাজ করছে। কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের পাশাপাশি তাঁদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

তিনি বলেন, এ ধরনের মানবিক উদ্যোগে সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দেওয়ায় তিনি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ। খাদিমনগর এলাকার তরুণ সাইদুল প্রথমে কৃত্রিম অঙ্গপ্রত্যঙ্গ প্রয়োজন এমন ব্যক্তিদের একটি তালিকা তাঁর কাছে উপস্থাপন করেন। পরবর্তী সময়ে শিল্প মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হলে কেএএফসিওর সিএসআর কর্মসূচির আওতায় এ উদ্যোগ বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় আজকের এ পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়েছে।

উপকারভোগীদের উদ্দেশে মন্ত্রী বলেন, কৃত্রিম অঙ্গ সরবরাহকারী প্রতিষ্ঠান প্রয়োজনীয় অঙ্গপ্রত্যঙ্গ তৈরি ও সরবরাহ করবে। উপকারভোগীরা অঙ্গপ্রত্যঙ্গ বুঝে পাওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে অনুদানের অর্থ ছাড় করা হবে। শুধু অঙ্গপ্রত্যঙ্গ সরবরাহ নয়, পরবর্তী সময়ে কোনো সেবা বা রক্ষণাবেক্ষণের প্রয়োজন হলেও প্রতিষ্ঠানটি তা নিশ্চিত করবে।

তিনি বলেন, উপকারভোগীদের মধ্যে বিভিন্ন বয়স ও পেশার মানুষ রয়েছেন। তাঁদের কেউ শিক্ষার্থী, কেউ আবার শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও স্কুটার বা ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। কৃত্রিম অঙ্গপ্রত্যঙ্গ তাঁদের কর্মজীবনে ফিরে আসতে এবং স্বাভাবিক জীবনযাপনে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মন্ত্রী আরও বলেন, কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের মধ্যেই এ উদ্যোগ সীমাবদ্ধ থাকবে না। উপকারভোগীরা আগ্রহী হলে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) কিংবা এসএমই-সংক্রান্ত কার্যক্রমের মাধ্যমে তাঁদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করার চেষ্টা করা হবে। পাশাপাশি কারও ব্যবসার ভালো পরিকল্পনা থাকলে এবং ক্ষুদ্র পুঁজির প্রয়োজন হলে সে বিষয়েও সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে তাঁরা স্বাবলম্বী হয়ে সম্মানজনক জীবনযাপন করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শিল্প মন্ত্রণালয়ের সচিব ও KAFCO চেয়ারম্যান আব্দুন নাসের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংসদ সদস্য এম এ মালিক, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের চেয়ারম্যান বাবুল মিঞা, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.