সিলেটটুডে ডেস্ক | ২৮ নভেম্বর, ২০২৬
সিলেট বিভাগে হাম ও রুবেলা রোগের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরোও এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাত মাস বয়সী শিশুটির মৃত্যু হয়। তার বাড়ি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায়। এ নিয়ে বিভাগে হাম ও রুবেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩৬। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ২২৬ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জনের মৃত্যু হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত ২৮ নভেম্বরের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ১৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৩৫। একই সময়ে সন্দেহজনক হাম রোগী হিসেবে বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১০৭ জন।
নতুন ভর্তি রোগীদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯২ জন। এ ছাড়া হবিগঞ্জে ১১ জন এবং মৌলভীবাজারে ৪ জন ভর্তি হয়েছেন। সুনামগঞ্জে নতুন কোনো রোগী ভর্তি হয়নি।
চার জেলার হাসপাতালগুলোতে বর্তমানে হাম ও সন্দেহজনক হাম রোগে আক্রান্ত মোট ৫১৯ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৪৩৯ জন এবং বেসরকারি হাসপাতালে ৮০ জন ভর্তি রয়েছেন।
সরকারি হাসপাতালগুলোর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সবচেয়ে বেশি ১৯১ জন রোগী চিকিৎসাধীন। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছেন ৯১ জন। এ ছাড়া হবিগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৯৪ জন, মৌলভীবাজারে ১৭ জন এবং সুনামগঞ্জে ৪১ জন চিকিৎসাধীন রয়েছেন।
বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ৪০ জন, পার্ক ভিউ মেডিকেল হাসপাতালে ২২ জন এবং নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে ১৩ জন রোগী ভর্তি রয়েছেন।
জেলাভিত্তিক মৃত্যুর হিসাবে সিলেটে সবচেয়ে বেশি ১০৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ১০৪ জন এবং নিশ্চিত হাম রোগে ৪ জন মারা গেছেন। এ ছাড়া সুনামগঞ্জে ৭৬ জন, হবিগঞ্জে ৩৫ জন এবং মৌলভীবাজারে ১৭ জনের মৃত্যু হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে ২৮ নভেম্বর পর্যন্ত সিলেট বিভাগে হাম ও রুবেলায় মোট মৃত্যুর সংখ্যা ২৩৬। এর মধ্যে ১০ জনের মৃত্যু নিশ্চিত হাম রোগে এবং ২২৬ জনের মৃত্যু হয়েছে সন্দেহজনক হাম রোগে।