Sylhet Today 24 PRINT

সিলেটে সাবেক এমপি হাবিবের বাড়িতে হামলার চেষ্টা, স্থানীয়দের বাধা

নিজস্ব প্রতিবেদক |  ২৮ নভেম্বর, ২০২৬

সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিবের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা করেছে একদল লোক। এসময় স্থানীয়রা বাধা দেন বলে জানা গেছে।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যার পর সিলেটের দক্ষিণ সুরমার কামালবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করে মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মো. আফজাল হোসেন সিলেটটুডেকে বলেন, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আগুন দেওয়ার চেষ্টা করা হয় বলে শুনেছি। তবে এখনও বিস্তারিত তথ্য পাইনি। আমরা খোঁজ খবর িনচ্ছি।

স্থানীয় সূত্রে জানা যায়, একদল লোক হাবিবের বাড়িতে হামলা করতে গেলে স্থানীয়রা বাধা দেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের ধাওয়ার মুখে হামলাকারীরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে বিক্ষুব্ধ জনতা ফেলে যাওয়া ১২টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। এ ঘটনার জেরে রাত ৯ টায় কামালবাজার এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে।

হাবিবের বাড়িতে অগ্নিসংযাগের চেষ্টার একটি ভিডিও ফেসবুকে দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সিলেট জেলা শাখার সভাপতি নাজমুল হোসেন লিখেন- ‘সিলেট ০৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব ভাইয়ের গ্রামের বাড়িসহ কামালবাজার ইউনিয়নের স্থানীয় নেতাকর্মীদের বাড়িতে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। সিলেটে বিএনপির জ্বালাও-পোড়াওয়ের এই অপরাজনীতি তাদের জন্য হিতে বিপরীত হবে। এলাকাবাসীসহ সবাইকে ধন্যবাদ জানাই সন্ত্রাসীদের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলায়, সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবার সময় এখনই।’

সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই আত্মগোপনে রয়েছেন। তিনি যুক্তরাজ্যে রয়েছেন বলে জানা গেছে। ৫ আগস্টের পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।

এরআগে শনিবার ভোরের দিকে সিলেট-৩ আসনেরই বর্তমান সংসদ সদস্য ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা এমএ মালিকের বাসায় একদল দুর্বৃত্ত পেট্রোল বোমা নিক্ষেপ করে।

পেট্রোল বোমা হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেন এম এ মালিক। তিনি অভিযোগ করেন, ভারত থেকে ‘বুবুজান’, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ‘র’-এর পরিকল্পনায় এ হামলা চালানো হয়েছে।

এম এ মালিক আরও বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যেন মানবাধিকার থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে তিনি সতর্ক ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কখনো আওয়ামী লীগের কাউকে হয়রানি করার নির্দেশ দেননি বলেও দাবি করেন তিনি।

স্থানীয়দের ধারণা, এম এ মালিকের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনার প্রতিক্রিয়াতেই সন্ধ্যায় সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের বাড়িতে হামলার চেষ্টা চালানো হয়ে থাকতে পারে।

একই আসনের বর্তমান ও সাবেক দুই সংসদ সদস্যের বাড়িকে কেন্দ্র করে পরপর হামলা ও পাল্টা হামলার চেষ্টার ঘটনায় দক্ষিণ সুরমার কামালবাজার ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.