Sylhet Today 24 PRINT

চা শ্রমিক ইউনিয়নের সভাপতি হলেন রাজু-সম্পাদক মুকেশ

নিজস্ব প্রতিবেদক |  ২৯ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে রাজু গোয়ালা এবং সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার নির্বাচিত হয়েছেন।

রোববার ভোর ৪টায় এ ফলাফল ঘোষণা করা হয়। এরআগে শনিবার দিনভর এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘ আট বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হলো।

নির্বাচনে ৬১ হাজার ৮০৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেটের শ্রমিক নেতা রাজু গোয়ালা ( কাপ পিরিচ প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পংকজ কন্দ (আনারস প্রতীক) পেয়েছেন ২৬ হাজার ২৯০ ভোট।

অপরদিকে সাধারণ সম্পাদক পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মুকেশ কর্মকার (ফুটবল প্রতীক)। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৫৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পরেশ কালিদী (হরিণ প্রতীক)। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৩৩৩ ভোট।

একইদিনে দেশের ২৩০টি চা বাগানের পঞ্চায়েত কমিটি, সাতটি ভ্যালিতে সাতটি কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রাথীরা নির্বাচিত হয়েছেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ার বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির বিজয়ী সভাপতি রাজু গোয়ালা বলেন, দীর্ঘ বিরতির পর ভোটের মাধ্যমে তাদের এই জয়, সাধারণ চা শ্রমিকদের জয়। শ্রমিকদের প্রত্যাশা ও ভাগ্য পরিবর্তনেও তারা শক্ত ভূমিকা রাখবেন।

নির্বাচন সংশিষ্ট সূত্রে জানা গেছে, দেশের পাঁচটি জেলার ২০টি উপজেলার ২৩০টি চা বাগান ও কেন্দ্রে শনিবার ভোটগ্রহণ হয়। এতে ভোটার সংখ্যা ছিলেন প্রায় ১ লাখ ৪৫ হাজার। ৩০ সদস্যের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ ৭টি ভ্যালি এবং বাগানভিত্তিক পঞ্চায়েত পর্যায়ে ৬০০ এরও বেশি প্যানেলে প্রায় ৭ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.