Sylhet Today 24 PRINT

সিলেটে একইদিনে একই এলাকার সাবেক ও বর্তমান এমপির বাড়িতে হামলা-আগুন

নিজস্ব প্রতিবেদক |  ২৯ নভেম্বর, ২০২৬

সিলেটে একইদিনে একই এলাকার সাবেক ও বর্তমান সংসদ সদস্যের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শনিবার ভোরে ও সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় এমন ঘটনা ঘটে। এতে আক্রান্ত হন সিলেট-৩ আসনের বর্তমান সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা এমএ মালিক ও একই আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা হাবিবুর রহমান হাবিব।

একইদিনে দুই নেতার বাড়েতে হামলার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয় উদ্বেগ দেখা দিয়েছে।

শনিবার ভোরে দক্ষিণ সুরমা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কসংলগ্ন তেতলিতে বিএনপিদলীয় এমপি এমএ মালিকের বাসয় পেট্রোল বোমা হামলা করা হয়।

সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে পুলিশ জানায়, ভোরের দিকে পিকআপে করে এসে একদল দুর্বৃত্ত এমএ মালিকের বাসায় আগুন দেয়। এসময় এমপি মালিক স্ত্রী-সন্তানদের নিয়ে ওই বাসায় ছিলেন। পেট্রোর বোমা ছুঁড়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার বিষয়টি বাসার নিরাপত্তারক্ষী দেখতে পেয়ে দ্রুত সবাইকে খবর দেন। পরে নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনেন।

এরপর সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের গ্রামের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হামলার পর স্থানীয় লোকজন ধাওয়া করলে মোটরসাইকেলে আসা হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় তাদের ফেলে যাওয়া ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নের ধরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে একদল ব্যক্তি কয়েকটি মোটরসাইকেলে করে সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের গ্রামের বাড়িতে যান। এরপর তারা বাড়িতে ভাঙচুর চালান এবং সামনের আসবাবপত্রে আগুন ধরিয়ে দেন। বাড়ির লোকজনের চিৎকার শুনে গ্রামের মানুষ এগিয়ে এসে তাদের প্রতিহত করার চেষ্টা করেন। এ সময় হামলাকারীরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে স্থানীয়রা ওই মোটরসাইকেলগুলোতে আগুন ধরিয়ে দেন। স্থানীয়দের দাবি, ১২টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে হাবিবুর রহমান পলাতক। বর্তমানে তাঁর বাড়িতে তত্ত্বাবধায়ক ছাড়াও স্বজনেরা থাকেন।

কামালবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একরামুল হক জানান, কে বা কারা সাবেক সংসদ সদস্যের বাড়িতে আগুন দিয়েছে, সে খবর তিনি শুনেছেন। গ্রামের লোকজন কয়েকটি মোটরসাইকেলেও আগুন দিয়েছেন।

হাবিবুর রহমানের স্বজনেরা অভিযোগ করেন, সন্ধ্যা ছয়টার দিকে ১৫০ থেকে ২০০ জন ওই বাড়িতে আসেন। পরে তাঁরা বাড়ির ড্রয়িং রুম ভাঙচুরের পাশাপাশি বাড়ির সামনের অংশে আগুন ধরিয়ে দেন। এ সময় এলাকার কিছু লোক দলবদ্ধ হয়ে অগ্নিসংযোগকারীদের ধাওয়া দেন। পাল্টাপাল্টি ধাওয়া চলাকালে কয়েকটি মোটরসাইকেল মাটিতে পড়ে থাকে। এসব মোটরসাইকেলে তাঁরা আগুন ধরিয়ে দেন।

ঘটনার একাধিক ভিডিওতে দেখা গেছে, হাবিবুর রহমানের বাড়ির উঠানে বেশ কিছু ছড়ানো-ছিটানো চেয়ার। এসব চেয়ারে আগুন জ্বলছে। দূরে গ্রামের রাস্তার বিভিন্ন স্থানে কয়েকটি মোটরসাইকেলে আগুন জ্বলছে। এদিক-ওদিক দৌড়াদৌড়ি করছেন লোকজন।

স্থানীয় একাধিক সূত্র বলছে, ভোরে সিলেট-৩ আসনের বিএনপির সংসদ সদস্য এম এ মালিক বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এর জেরে হাবিবুর রহমানের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে থাকতে পারে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. আফজাল হোসেন বলেন, শনিবার ভোরে সংসদ সদস্য এম এ মালিকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এরপর সন্ধ্যায় হাবিবুর রহমানের বাড়েতে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়।

এমপি মালিকের বাড়িতে হামলার প্রসঙ্গে তিনি বলেন, প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন। ঘটনা তদন্ত করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

পেট্রোল বোমা হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেন এম এ মালিক। তিনি অভিযোগ করেন, ভারত থেকে ‘বুবুজান’, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ‘র’-এর পরিকল্পনায় এ হামলা চালানো হয়েছে।

এম এ মালিক আরও বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যেন মানবাধিকার থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে তিনি সতর্ক ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কখনো আওয়ামী লীগের কাউকে হয়রানি করার নির্দেশ দেননি বলেও দাবি করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.