Sylhet Today 24 PRINT

‘উনিশ শতকের অন্ধকারে অনন্য আলোকবর্তিকা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’

সিলেটটুডে ডেস্ক |  ২৯ নভেম্বর, ২০২৬

কথা বলছিলেন একজন। হলভর্তি মানুষের দৃষ্টি নিবদ্ধ ছিল তাঁর দিকে। পিনপতন নীরবতা। মনে হচ্ছিল, উপস্থিত সবাই যেন সময়ের সীমানা পেরিয়ে প্রবেশ করেছেন এক অন্য যুগে—ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যুগে। আলোচনার পরিসরে একে একে উঠে এলেন রবীন্দ্রনাথ ঠাকুর, অক্ষয়কুমার দত্ত, রাজা রামমোহন রায়সহ উনিশ শতকের বাংলার মননশীল ও বিদগ্ধ ব্যক্তিত্বরা। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন একজনই—ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আলোচনায় ছিল তাঁর জীবন, দর্শন, মানবতাবোধ, মুক্তচিন্তা ও সমাজসংস্কার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এমন নানা দিক নিয়ে রবিবার (২৯ নভেম্বর) কেমুসাস এর সাহিত্য আসর কক্ষে এক মননঋদ্ধ আয়োজন করেছিল সাহিত্যের ছোট কাগজ ‘সময়পাঠ’।

‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর: উনিশ শতকের মুক্তচিন্তার উজ্জ্বলতম আলোকবর্তিকা’ শীর্ষক এ আলোচনা অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন গবেষক চৌধুরী মুফাদ আহমদ। সময়পাঠ সম্পাদক সৈয়দ মনির হেলালের সভাপতিত্বে এবং কবি রাজেশ কান্তি দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় তাঁর দীর্ঘ ও প্রজ্ঞাসমৃদ্ধ আলোচনা উপস্থিত সুধীজনকে এক অন্য মননজগতে নিয়ে যায়। ইতিহাসের একটি বিশেষ সময়কে যেন তিনি জীবন্ত করে তুলেছিলেন কথার বুননে। বিদ্যাসাগরের প্রসঙ্গ ধরে উন্মোচিত হচ্ছিল উনিশ শতকের বাংলার সমাজ, সংস্কৃতি, সাহিত্য ও চিন্তার বিবর্তনের নানা অধ্যায়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন লেখক ও আইনজীবী সুব্রত দাশ। সূচনাপর্বে সংগীত পরিবেশন করেন শিল্পী বিমান তালুকদার। বক্তব্য রাখেন অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, জেলা সিপিবি সভাপতি ফরহাদ হোসেন, আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন, শিক্ষক সঞ্জয় নাথ, বিপ্লব নন্দী ও জাহাঙ্গির আলম।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনন্যতা তুলে ধরে মুখ্য আলোচক চৌধুরী মুফাদ আহমদ বলেন, ‘বিদ্যাসাগর’ উপাধি অনেকেরই রয়েছে। কিন্তু ঈশ্বরচন্দ্রের নামের পাশে যুক্ত হয়ে এ উপাধি যেভাবে মহিমান্বিত হয়েছে, অন্য কারও ক্ষেত্রে তা সম্ভব হয়নি। তিনি একদিকে উচ্চবর্ণীয় ব্রাহ্মণ সমাজের অন্তর্ভুক্ত, অন্যদিকে সংস্কৃতশাস্ত্রের গভীর অনুশীলনে সমৃদ্ধ একজন মানুষ। অথচ সেই সমাজের রক্ষণশীলতা ও কুসংস্কারের বিরুদ্ধে দাঁড়িয়েই তিনি মানুষের চিন্তার জগতে আলো জ্বালিয়েছেন। একই সঙ্গে বাংলা ভাষাকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

তিনি বলেন, বিদ্যাসাগর কেবল সংস্কারের কথা উচ্চারণ করেননি, নিজের জীবনাচরণেও তার দৃষ্টান্ত স্থাপন করেছেন। নারীর প্রতি সমাজের বৈষম্য ও বঞ্চনার বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছেন। বিধবা নারীদের পুনর্বিবাহের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করেছেন এবং নিজের উদ্যোগে বিধবা বিবাহের ব্যবস্থা করেছেন। এমনকি নিজের ছেলেকেও বিধবা নারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ করে তিনি নিজের আদর্শের বাস্তব প্রয়োগ ঘটিয়েছেন।

বিদ্যাসাগরের জীবনদর্শন ব্যাখ্যা করতে গিয়ে চৌধুরী মুফাদ আহমদ বলেন, একটি দরিদ্র সংস্কৃত পণ্ডিত পরিবার থেকে উঠে এসে তিনি সংস্কারমুক্ত, প্রগতিশীল ও আধুনিক চিন্তাভাবনার প্রবক্তা হয়ে উঠেছিলেন। সে কারণে বিদ্যাসাগর কেবল তাঁর সময়েরই উজ্জ্বলতম আলোকবর্তিকা নন, উত্তরকালের সব প্রজন্মের জন্যও অপার অনুপ্রেরণা ও সাহসের উৎস। তাঁর মতে, বিদ্যাসাগরের ইহজাগতিকতা ও আধুনিকতার ওপর আলোকপাত এ বিষয়ক আলোচনার একটি গুরুত্বপূর্ণ অভিন্ন প্রবণতা।

মানুষের মহত্ত্ব বিশ্বাসের আড়ম্বরে নয়, কর্মের মহিমায়; প্রার্থনার উচ্চারণে নয়, আর্তমানবতার পাশে দাঁড়ানোর সাহসে—বিদ্যাসাগরের জীবন যেন এই চিরন্তন সত্যেরই এক উজ্জ্বল দৃষ্টান্ত। উনিশ শতকের কুসংস্কারাচ্ছন্ন, ধর্মীয় গোঁড়ামিতে আচ্ছন্ন ও সামাজিক সংকীর্ণতায় বন্দি বাঙালি সমাজে তিনি ছিলেন এক ব্যতিক্রমী মুক্তবুদ্ধির মানুষ। তাঁর জীবনদর্শনের কেন্দ্রে ছিল মানুষ, মানবিকতা ও যুক্তিবোধ।

সভায় আলোচনায় অংশ নিয়ে কবি ও লোকজ সংস্কৃতি গবেষক ড. আবুল ফতেহ ফাত্তাহ বলেন, বিদ্যাসাগরকে তাঁর সময়ের পরিসরে আবদ্ধ করে দেখার সুযোগ নেই। কারণ, তাঁর চিন্তা ও কর্মের আবেদন কোনো নির্দিষ্ট শতাব্দী কিংবা সমাজব্যবস্থার গণ্ডিতে সীমাবদ্ধ নয়। যে সমাজে যুক্তির পরিবর্তে অন্ধবিশ্বাস, মানবিকতার পরিবর্তে আনুষ্ঠানিকতা এবং বিবেকের পরিবর্তে গোঁড়ামি প্রাধান্য পায়, সেখানে বিদ্যাসাগরের জীবনদর্শন নতুন করে প্রাসঙ্গিক হয়ে ওঠে।

কবি ও রবীন্দ্রগবেষক অধ্যাপক নৃপেন্দ্র লাল দাস বিদ্যাসাগরের মানবতাবাদী দর্শনের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, তাঁর মানবতাবাদ কোনো লোকদেখানো আদর্শ কিংবা পারলৌকিক পুণ্য অর্জনের আকাঙ্ক্ষায় পরিচালিত দানশীলতা ছিল না। মানুষের দুঃখ তাঁকে ব্যথিত করত, মানুষের অসহায়ত্ব তাঁকে দায়িত্বশীল করে তুলত। নিজের উপার্জনের সিংহভাগ তিনি ব্যয় করেছেন দুঃস্থ ও বিপন্ন মানুষের কল্যাণে। ধর্মীয় আচার-অনুষ্ঠান কিংবা পরকালের প্রাপ্তির চেয়ে ইহজগতের মানুষের দুঃখ মোচনই তাঁর কাছে অধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। তাঁর জীবনদর্শন আমাদের সামনে এক মৌলিক প্রশ্ন হাজির করে—মানুষের প্রতি দায়িত্ব পালনের চেয়ে বড় ধর্ম আর কী হতে পারে?

গবেষক মিহির কান্তি চৌধুরী বলেন, বিদ্যাসাগরের আধুনিকতা কেবল পোশাক-পরিচ্ছদ কিংবা পাশ্চাত্য জীবনাচরণের অনুকরণে সীমাবদ্ধ ছিল না; তা ছিল তাঁর চিন্তার গভীরে প্রোথিত। তিনি উপলব্ধি করেছিলেন, সমাজের প্রকৃত পরিবর্তন ঘটাতে হলে প্রথমে পরিবর্তন আনতে হবে মানুষের মনোজগতে। কুসংস্কার, অন্ধবিশ্বাস, বৈষম্য ও অমানবিক প্রথার বিরুদ্ধে দাঁড়াতে প্রয়োজন জ্ঞান, সাহস ও আপসহীন নৈতিক অবস্থান। এই উপলব্ধিই তাঁকে কেবল শিক্ষাবিদ কিংবা সমাজসংস্কারকের পরিচয়ে সীমাবদ্ধ রাখেনি; বরং মানবমুক্তির চিন্তায় নিবেদিত এক মনীষীর আসনে প্রতিষ্ঠিত করেছে।

সভাপতির বক্তব্যে সময়পাঠ সম্পাদক সৈয়দ মনির হেলাল উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সময়ের ব্যবধানে অনেক কিছুই বদলে যায়। বদলে যায় সমাজের ভাষা, পোশাক, প্রযুক্তি ও জীবনযাপনের ধরন। কিন্তু মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা, চিন্তার স্বাধীনতা এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর নৈতিক সাহস কখনো পুরোনো হয় না। বিদ্যাসাগর সেই চিরকালীন মানবিক বোধেরই এক উজ্জ্বল প্রতীক।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাসদ নেতা কমরেড উজ্জ্বল রায়, সিপিবি নেতা খায়রুল হাছান, আইনজীবী সোয়েব আহমদ, বৃক্ষবন্ধু শাহ সিকান্দর আহমদ শাকির, পাণ্ডব মজুমদার, শীতন কান্ত দাস, মোশতাক চৌধুরী, আখলাকুল আছপিয়া, নাজিকুল রানা, জাহাঙ্গির আলম, তানজিনা বেগম, আয়েশা আক্তার ও মেহেদী হাসান প্রমুখ।

বিদ্যাসাগরকে ঘিরে এ আয়োজন কেবল একজন মনীষীর স্মৃতিচারণে সীমাবদ্ধ ছিল না; বরং তাঁর জীবন ও দর্শনের মধ্য দিয়ে সমকালীন সমাজের চিন্তা, বিবেক ও মানবিক দায়বদ্ধতাকে নতুন করে পাঠ করার এক মননশীল প্রয়াস হয়ে উঠেছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.