তপন কুমার দাস, বড়লেখা | ২৪ ফেব্রুয়ারী, ২০১৬
মৌলভীবাজারের জুড়ীতে ২য় দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের জন্য আওয়ামী লীগের দলীয় একক প্রার্থী নির্ধারণ সভা গত ২১ ফেব্রুয়ারি (শনিবার) ও ২২ ফেব্রুয়ারি (রবিবার) অনুষ্ঠিত হয়। ইউনিয়ন কমিটি ও ওয়ার্ড কমিটির বর্ধিত সভায় ২টি ইউনিয়নে সমঝোতায় একক চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত হলেও ৩টিতে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকায় ঐক্যমতে পৌঁছানো যায়নি।
এর প্রেক্ষিতে রবিবার রাতে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রার্থীদের নিয়ে পুনরায় বৈঠক করে ঐক্যমতের মাধ্যমে একক প্রার্থী চূড়ান্ত করতে ব্যর্থ হন। পরে সোমবার (২৩ ফেব্রুয়ারি) তাদের নামের তালিকা কেন্দ্রে পাঠানো হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
জুড়ী উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, গত শনি ও রবিবার কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশ অনুযায়ী জুড়ী উপজেলার ৫টি ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের পৃথক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন গোয়ালবাড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন ও সাগরনাল ইউনিয়নে যুবলীগ সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী খুখু।
অন্যদিকে কেন্দ্রে পাঠানো আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন-উপজেলার জায়ফরনগর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নজমুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শফিক আহমদ, সদস্য জাকির হোসেন কালা, জাহেদ আনোয়ার চৌধুরী, ইমরুল ইসলাম, পূর্ব জুড়ী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ, আওয়ামী লীগের সভাপতি আদর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল কাদির, সাংগঠনিক ময়নুল ইসলাম ও পশ্চিম জুড়ী ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি শ্রী কান্ত দাস, সাধারণ সম্পাদক জুবায়ের হাসান জেবলু, ডা: কাজী আকমল হোসেন, আনফর আলী, এম এ মুজিব মাহবুব।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আজির উদ্দিন মাস্টার সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘কেন্দ্রের নির্দেশে ৫টি ইউনিয়নে একক প্রার্র্থী চূড়ান্তের জন্য আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় ২টি ইউনিয়নে একক প্রার্থী চূড়ান্ত হলেও অন্য তিনটিতে প্রার্থীরা ঐক্যমতে পৌঁছাতে পারেননি। পরে রবিবার রাতে জেলা ও উপজেলা নেতৃবৃন্দ প্রার্থীদের নিয়ে বৈঠক করেও তাদের মধ্যে কোন সমন্বয় না হওয়ায় কেন্দ্রে সবার নামের তালিকা পাঠানো হয়েছে।’