Sylhet Today 24 PRINT

বাহুবলে চার শিশু হত্যা : আটোরিক্সা চালক বাচ্চু ‘বন্দুকযুদ্ধে’ নিহত

নিউজ ডেস্ক |  ২৫ ফেব্রুয়ারী, ২০১৬

হবিগঞ্জের বাহুবলে চার শিশুকে হত্যা করে মাটি চাপা দেওয়ার ঘটনার অন্যতম সন্দেহভাজন অটোরিকশা চালক চালক বাচ্চু মিয়া র‌্যাবের সঙ্গে 'কথিত' বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

শ্রীমঙ্গল র‌্যাব-৯ এর কোম্পানি কমান্ডার কাজী মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে চুনারুঘাট দেওরগাছ এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে।

র‍্যাব-৯ উপ অধিনায়ক মেজর হুমায়ুন কবির জানান, তাদের কাছে খবর ছিল যে, বাচ্চু মিয়া গোপনে ভারত চলে যাবার চেষ্টা করছে। ফলে তাদের টহল টিম ও গোয়েন্দা নজরদারি ছিল।

‘ভোর রাতে চুনারুঘাটের দেবরগাছিতে একটি সন্দেহজনক গ্রুপ দেখে র‍্যাবের টহল টিম চ্যালেঞ্জ করে। কিন্তু তারা র‍্যাবের উপর গুলি করলে র‍্যাবও পাল্টা গুলি করে। পরে অন্যরা পালিয়ে গেলে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়েছে বলে হুমায়ুন কবির জানান।

হবিগঞ্জের আলোচিত চার শিশু হত্যাকাণ্ডের ঘটনায় থানা পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত করছে র‍্যাব।

এ ঘটনায় বিশ্বনাথ থেকে সাহেব আলী নামের একজন সন্দেহভাজনকে আটক করেছে র‍্যাব।

পুলিশ বলে আসছে, পঞ্চায়াতের বিরোধের জেরে বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামের চার শিশুকে অপহরণ ও পরে হত্যার ঘটনায় জড়িত ছিলেন বাচ্চু। তার অটোরিকশাও ওই ঘটনায় ব্যবহার করা হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.