ডেস্ক রিপোর্ট | ২৬ ফেব্রুয়ারী, ২০১৬
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ.কে. এম. গোলাম কিবরিয়া তাফাদার বলেছেন, নিজের জীবনকে সুন্দর ভাবে গড়ে তুলতে ও আদর্শ সমাজ গঠনে আদর্শবান মানুষ হতে হবে। একটি দেশের মূল চালিকা শক্তি হল শিক্ষা। শিক্ষা ছাড়া কোন দেশ অগ্রগতি করতে পারে না। তিনি শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে বলেন, ভাল ফলাফল করতে হলে নিজের মধ্যে আত্মবিশ্বাস ও দেশপ্রেম থাকতে হবে। এমন বই পড়তে হবে যে বই আমাদের স্বপ্ন দেখা, আলোকিত, দক্ষ, আদর্শ মানুষ হতে সহায়তা করে সেই সব বই পড়তে হবে।
দুর্গাপুর হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ যে শিক্ষা নীতি প্রয়োগ করেছেন তাঁর মাধ্যমে বাংলাদেশ এখন শিক্ষার বিপ্লব সৃষ্টি হয়েছে। গ্রাম-শহর সর্বক্ষেত্রে শিক্ষার বিপ্লব শুরু হয়েছে। তিনি আরো বলেন, খেলাধুলা আমাদের সংস্কৃতির একটি অংশ। নিজস্ব সংস্কৃতিকে বাছিয়ে রাখতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। বছরে একদিন খেলাধুলা না করে প্রতি সপ্তাহে স্কুল কলেজে খেলাধুলা করার ব্যবস্থা করা উচিত। তাহলে খেলাধুলায় আমরা এগিয়ে যাব।
কানাইঘাট উপজেলার দুর্গাপুর হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গভনিং বডির সভাপতি ও ৫নং বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুবশ্বির আলী এর সভাপতিত্বে ও স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো: মামুন রশিদের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ঢাকা ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ইনফরমেশন স্টাডিজের এসোসিয়েট প্রফেসর এন্ড চেয়ারম্যান ড. দিলারা বেগম, কানাইঘাট উপজেলা নিবার্হী অফিসার তারেক মোহাম্মদ জাকারিয়া, মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহকারী প্রক্টর এডভোকেট মোহাম্মদ আব্বাস উদ্দিন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সিলেট শিক্ষা বোর্ডের সেকশন অফিসার (প্রশাসনিক) তাকের মো: ফারুক আহমেদ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন দুর্গাপুর হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুর মোহাম্মদ। এসময়
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন, আলহাজ্ব নুর উদ্দিন। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন নবম শ্রেণীর ছাত্র শুয়াইবুর রহমান ও মানপত্র পাঠ করেন ইসতিয়াক আহমদ নুহেল।