Sylhet Today 24 PRINT

বড়লেখায় মেয়রের নেতৃত্বে উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান

বড়লেখা প্রতিনিধি |  ২৭ ফেব্রুয়ারী, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার নবনির্বাচিত মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী শনিবার শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযানের নেতৃত্ব দেন। তার নির্বাচনী ইশতেহারের ৪ ও ৭ নম্বর অঙ্গিকার ছিল তিনি নির্বাচিত হলে শহরের যানজট, জলাবদ্ধতা নিরসন ও ময়লা আবর্জনা দ্রুত অপসারনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

নির্বাচনে দেওয়া অঙ্গিকার বাস্তবায়নে পৌর শহর ও হাজীগঞ্জ বাজার এলাকাকে যানজট মুক্ত করতে সিঅ্যান্ডবি সড়কের উপর অবৈধভাবে বসা দোকানপাট, সিএনজি অটোরিকশা স্ট্যান্ড ও স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। পৌরসভা, পুলিশ প্রশাসন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি, ইজারাদারসহ সংশ্লি¬ষ্ট প্রতিষ্ঠানের যৌথ সিদ্ধান্তের পর শনিবার (২৭ ফেব্রুয়ারি) থেকে এ অভিযান শুরু করা হয়েছে।

শনিবার সকাল থেকে পৌর শহরের হাজীগঞ্জ বাজারের দক্ষিণ বাজার এলাকা থেকে পরিস্কার-পরিচ্ছন্ন এবং উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় মেয়র ছাড়াও পৌর কাউন্সিলরসহ সংশি¬ষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বড়লেখা পৌরসভা সূত্রে জানা গেছে, মৌলভীবাজার-চান্দগ্রাম আঞ্চলিক সড়কের বড়লেখা পৌর এলাকায় সিঅ্যান্ডবি সড়কের দুপাশে দীর্ঘদিন থেকে সড়কের উপর ফল ও সবজিসহ বিভিন্ন পণ্যসামগ্রীর প্রচুর অবৈধ দোকান গড়ে উঠে। সড়ক দখল করে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের অবৈধ স্ট্যান্ড চালু করা হয়। এর ফলে শহরের মধ্যে প্রতিদিন তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে যানবাহন, পথচারী চলাচল কঠিন হয়ে পড়েছে। এই অবস্থায় যানজট থেকে মানুষকে মুক্তি দিতে গত সোমবার (২২ ফেব্রুয়ারি) বড়লেখা পৌরসভার উদ্যোগে বড়লেখা পৌরসভা, বড়লেখা থানা পুলিশ, বড়লেখা সদর ইউনিয়ন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি, সিএনজিচালিত অটোরিকশাচালক সমিতি, পিকআপ ভ্যান মালিক সমিতি এবং ইজারাদার কর্তৃপক্ষের যৌথসভা হয়েছে।

 পৌরসভা হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আলাউদ্দিন, বাজারের ইজারাদার শহীদুল ইসলাম, সিএনজিচালিত অটোরিকশা চালক সমিতির সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন, পিকআপ ভ্যান মালিক সমিতির সভাপতি মো. দুধু মিয়া ও সাধারণ সম্পাদক আব্দুল মুকিত প্রমুখ। সভায় শহরকে যানজটমুক্ত করতে রাস্তার উপর অবৈধভাবে বসা দোকানপাট ও স্ট্যান্ড সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে (২৭ ফেব্রুয়ারি) শনিবার সকাল থেকে বড়লেখা পৌর শহরের দক্ষিণ বাজার এলাকা থেকে উচ্ছেদ ও পরিস্কার-পরিচ্ছন্নতার অভিযান শুরু করা হয়।   

পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী শনিবার (২৭ ফেব্রুয়ারি) বলেন, ‘পৌর শহরকে যানজট থেকে মুক্ত করতে সংশ্লি¬ষ্ট সকলের যৌথ সিদ্ধান্তে এ অভিযান চালানো হয়েছে। সিঅ্যান্ডবি সড়কের উপর থেকে অবৈধভাবে বসা দোকানপাট ও স্ট্যান্ড সরানো হচ্ছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.