সিলেটটুডে ডেস্ক | ২৭ ফেব্রুয়ারী, ২০১৬
পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলা শ্রী শ্রী সন্ত গৌড়িয় মঠের পুরোহিত অধ্যক্ষ জগেশ্বর রায়কে নির্মম ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর শাখা শনিবার সকাল ১১টায় সিলেটের কোর্ট পয়েন্টে এক মানববন্ধন কর্মসূচী পালন করে। কর্মসূচীতে অংশ নেন ঐক্য পরিষদ, পূজা পরিষদ সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন।
মানববন্ধন চলাকালে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের জেলা কমিটির সভাপতি শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্ত্তী মানস এর সভাপতিত্বে ও মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব এর পরিচালনায় মানববন্ধন চলাকালীন সময়ে বক্তারা বলেন, একটি দেশবিরোধী গোষ্ঠী অত্যন্ত সুপরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত, তারা স্বাধীনতার মূল চেতনাকে বার বার আঘাত করার চেষ্টা করে যাচ্ছে, দেশের গণতন্ত্রকে নস্যাৎকরে দিয়ে দেশকে একটি জঙ্গী রাষ্ট্র ও মৌলবাদী রাষ্ট্র করার ষড়যন্ত্রে লিপ্ত যা কোনদিনও এ দেশের মুক্তিযুদ্ধের চেতনা মানুষ হতে দেবে না। বক্তারা বলেন, পঞ্চগড়ে পৌরহিতকে হত্যা তাদের পরিকল্পনার ছক। ইতিপূর্বে যেসমস্ত হত্যাকান্ড সংগঠিত হয়েছে, সেই সমস্ত হত্যাকান্ডের অনেকগুলোর সুষ্ঠ বিচার এখনও সম্পন্ন করেনি। তাই হত্যাকারীরা আরও অপরাধমূলক কর্মকান্ড সংগঠন করার সাহস পাচ্ছে। তারা সরকারকে এ ব্যাপারে কঠোর হওয়ার আহ্বান জানান এবং পৌরহিত হত্যাকান্ডের প্রকৃত আসামীদের সর্বোচ্চ শাস্তি প্রদানের জন্য সরকারকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান। তারা যেকোন মূল্যে দেশ ও সমাজের শত্রুদের এবং মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থিদের ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
মানববন্ধন চলাকালীন সময়ে বক্তব্য রাখেন- ঐক্য পরিষদের জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য, পূজা উদ্যাপন পরিষদের জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক রজতকান্তি ভট্টাচার্য, বিশিষ্ট ভগবত পাঠক ও সংগঠক প্রকৌশলী মনোজ বিকাশ দেবরায়, সিলেট বিবেকের সভাপতি জ্যোতির্ময় সিংহ মজুমদার, পূজা উদ্যাপন পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, ট্রাইবাল ওয়েলফেয়ার এর সভাপতি দিনেশ সাংমা, খ্রীষ্টান সম্প্রদায়ের নেতা পিথর ফিলিপ বিশ্বাস, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের জেলা সভাপতি এডভোকেট রঞ্জন চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় দাস ধনু, পূজা পরিষদের সদর উপজেলা সভাপতি অনুপ দেব, সাধারণ সম্পাদক রাজু গোয়ালা, সাংগঠনিক সম্পাদক লিটন পাল প্রমুখ।
এছাড়াও মানববন্ধন কর্মসূচীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঐক্য পরিষদের ও পূজা পরিষদের নেতা শিবব্রত ভৌমিক চন্দন, সুব্রত দেব, এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, শ্যামল কান্তি ধর, মলয় পুরকায়স্থ, শ্যামল চন্দ্র, এডভোকেট বিভাবষু গোস্বামী সহ অসংখ্য নেতাকর্মী।