Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালে ক্যামোথেরাপি সেবা চালু

বিয়ানীবাজার প্রতিনিধি |  ২৮ ফেব্রুয়ারী, ২০১৬

দেশের উপজেলা পর্যায়ে প্রথমবারের মতো ক্যামোথেরাপি শুরু করলো বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতাল। শনিবার দুপুরে পার্শ্ববর্তী বড়লেখা উপজেলার দৌলতপুর গ্রামের ক্যান্সার আক্রান্ত নুরুন নেছাকে ক্যামোথেরাপি দেয়ার মধ্য দিয়ে আনুষ্টানিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ এর যাত্রা শুরু করেন। ক্যামোথেরাপি প্রদান করেন ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ সাদ উদ্দিন জায়গিরদার।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এখন থেকে রোগীরা আর রাজধানী কিংবা ভারতে যেতে হবে না এখানেই ক্যামোথেরাপি নিতে পারবেন।

হাসপাতাল সূত্র জানায়, ক্যান্সার ও জেনারেল হাসপাতাল তাদের কার্যক্রম শুরুর পর থেকে বিভিন্ন ধাপে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল। চিকিৎসা সেবাকে ২টি ধাপে বিভক্ত করে তারা তাদের কার্যক্রম অব্যাহত রাখে। প্রথম ধাপে হাসপাতালের স্বাস্থ্য কর্মীরা বাড়ী বাড়ী গিয়ে ক্যান্সার রোগী সনাক্ত করেন পাশাপাশি তারা ক্যান্সার সম্পর্কে সকলকে অবহিত করেন। দ্বিতীয় ধাপে তারা ক্যান্সার হাসপাতালের সাথে সকল রোগীদের সেবা প্রদানের জন্য জেনারেল শাখাও চালু করেন। ক্যান্সার রোগীদের সেবা প্রদানের পাশাপাশি সকল রোগীরা এখানে এসে প্রাথমিক চিকিৎসা নেয়া সহ প্রসুতি সেবা এবং রোগী ভর্তি কার্যক্রম চালু করেন। ক্যান্সার রোগীকে প্রাধান্য দিয়ে তারা বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে রোগীদের চিকিৎসা সেবা শুরু করেন এবং জটিল রোগীদের ক্যামোথেরাপি দেয়ারও সকল ব্যবস্থা চালু করেন।

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দৌলতপুর গ্রামের নুরুন নেছা ক্যান্সার আক্রান্ত হলে চিকিৎসকরা তাকে ক্যামোথেরাপি নেয়ার পরামর্শ দেন। পঞ্চাশোর্ধ এ রোগী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিলেটের একটি হাসপাতালে ইতোমধ্যে ২টি ক্যামো নিয়েছেন।

নুরুন নেছা আশা প্রকাশ করে বলেছেন, এখান থেকেই চিকিৎসা গ্রহণ করে তিনি সুস্থ হয়ে উঠতে পারবেন।

 উপজেলা পর্যায়ে এই প্রথম ক্যামোথেরাপি চালুর বিষয়টিকে চিকিৎসা ক্ষেত্রে বড় ধরণের সাফল্য বলে মনে করেন ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ সাদ উদ্দিন জায়গিরদার। ওই চিকিৎসকের মতে, প্রবাসীদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকলে এখান থেকেই এক সময় ক্যান্সার রোগের সব ধরণের চিকিৎসা প্রদান সম্ভব। হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছেন, চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দিতে তারা বিষেশজ্ঞ চিকিৎসক নিয়োগের পাশাপাশি সকল ধরনের প্রযুক্তি এখানে ব্যবহার করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.