Sylhet Today 24 PRINT

বেতন বৈষম্য দূর করার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মৌন মিছিল, স্মারকলিপি

সিলেটটুডে ডেস্ক |  ২৮ ফেব্রুয়ারী, ২০১৬

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সিলেট শাখার উদ্যোগে ৮ম জাতীয় বেতন স্কেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়ন ও চরম বেতন বৈষম্য নিরসনের দাবিতে রোববার সকাল ১০টায় সিলেট রেজিস্টারী মাঠ হতে এক মৌন মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রেজিস্টারী মাঠে এসে এক সমাবেশে মিলিত হয়।

সিলেট শাখার সভাপতি মাহমুদুর রশীদ মসরুর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রফিক উদ্দিন আহমদ এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ ইয়াছিন ইকরাম, অর্থ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সবুর, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল উদ্দিন, চাকুরী বিষয়ক সম্পাদক মোঃ ময়নুল ইসলাম চৌধুরী, বিউবো ডিপ্রস সভাপতি মোঃ নূরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম, সমাজকল্যাণ সম্পাদক মোঃ আব্দুস সোবহান, টিএন্ডটি ডিপ্রস’র আবুল বাশার খান, সওজ ডিপ্রস’র মোঃ নাজমুল ওয়াহেদ চৌধুরী, মোঃ নুরুল মজিদ চৌধুরী, যুগ্ম সম্পাদক মোঃ খালেদুর রহমান প্রমুখ।

সমাবেশ শেষে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার এমডি আল আমীন এর মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে এক স্মারকলিপি পেশ করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে- ৮ম জাতীয় বেতন স্কেলের একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার উপ-সহকারী প্রকৌশলী পদের প্রারম্ভিক বেতন ক্যাডার এন্ট্রি পদের একধাপ নিচে অর্থাৎ ৯ম গ্রেডে নির্ধারণ করতে হবে। ডিগ্রি প্রকৌশলীদের ন্যায় প্রাথমিক নিযুক্তিতে উপ-সহকারী প্রকৌশলী পদের ডিপ্লোমা প্রকৌশলীদের স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান করতে হবে। ডিজাইন ও প্ল্যানিং এ নিযুক্ত ডিপ্লোমা প্রকৌশলীদেরকে ডিগ্রি প্রকৌশলীদের ন্যায় ২টি স্পেশাল ইনক্রিমেন্ট পূর্বের ন্যায় প্রদান করতে হবে। ডিপ্লোমা প্রকৌশলীদের সমগ্র চাকুরী জীবনে ন্যূনতম ৫ বার পদোন্নতিসহ গ্রেড পরিবর্তন করার সুযোগ দিতে হবে। পদোন্নতির যোগ্যতা অর্জিত হওয়ার পর পদ না থাকলেও সুপার নিউমারী পদ সৃষ্টি বা টাইমবার পদোন্নতি প্রদান করতে হবে। জীবনের সকল ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি ও দক্ষ জনবল গঠনের লক্ষ্যে পলিটেকনিক শিক্ষকসহ টিভিইটি শিক্ষকদের জন্য উৎসাহজনক পৃথক বেতন স্কেল প্রদান করা সহ বিদ্যুৎ কোম্পানীসমূহে গ্রেড প্রথা বাতিল করে একই বেতন স্কেল নির্ধারণ ও পদোন্নতিসহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করতে হবে। প্রাইভেট সেক্টরে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সমন্বিত বেতন স্কেল প্রদানের নির্দেশনা দিতে হবে।

উল্লেখিত দাবি ও সুপারিশসমূহ বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্র ঘোষিত আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সিলেট শাখার উদ্যোগে উক্ত কর্মসূচি পালিত হয়। সমাবেশে নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উন্নয়ন-উৎপাদনের মুখ্য ভূমিকা পালনকারী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতন বৈষম্য নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.