সিলেটটুডে ডেস্ক | ২৮ ফেব্রুয়ারী, ২০১৬
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, কবি সাহিত্যিকরা বাঙালী সংস্কৃতির ধারক, বাহক ও মননশীলতার প্রতীক স্বরূপ। সাহিত্য বিকাশে কবি সাহিত্যিকদের অবদান অনস্বীকার্য। তাদের লিখনীর মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও গণজাগরণ সৃষ্টিতে ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তিনি কবিদের লিখনীর মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহবান জানান।
তিনি আরো বলেন, স্বাধীনতার বিরোধি শক্তি এদেশকে আবারও পেছনের অন্ধকারে নিয়ে যেতে চায়। সূর্যের আলো সবাই পছন্দ করে না। আমরা আলোতে বসবাস করতে চাই। নিজেদের মেধা ও শক্তির পরিপূর্ণ বিস্ফোরণ চাই।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী শনিবার বিকেলে সিলেট নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে কবি সাবিনা আনোয়ারের প্রথম কাব্যগ্রন্থ “নিভৃত স্বপ্ন এবং... এর প্রকাশনা ও শেকড়ের সন্ধানে এ্যাওয়ার্ড-২০১৬ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
শেকড়ের সন্ধানে’র চেয়ারম্যান মাসুম রহমান আকাশের সভাপতিত্বে ও সাংবাদিক সৈয়দ সাইমুম আনজুম ইভান ও অ্যাডভোকেট ফারজানা জাহান শারমিনের উপস্থাপনায় অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।
বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবীর, সাবেক কাউন্সিলর ফয়জুল আনোয়ার আলোয়ার, লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা সেক্রেটারী কবি সাবিনা আনোয়ার। স্বাগত বক্তব্য রাখেন দেবব্রত রায় দিপন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উম্মে সুমাইয়া তাজবিন নীলা।
অনুষ্ঠানে সাংবাদিকতায় অবদানের জন্য সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবীর ও লোকসংগীতে অবদানের জন্য লাভলী দেবকে এ্যাওয়ার্ড প্রদান করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী সমাজ ও দেশ গঠনে সমাজের সাংবাদিক, সাহিত্যিক, রাজনীতিক, সমাজসেবীসহ সকলের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা আশা করে বলেন, আমরা অন্ধকার জগতে ছিলাম। কিন্তু, এখন আর পিছিয়ে থাকতে চাই না। এজন্য তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান। একই সাথে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী সিলেটকে নিজের অন্তরের অন্তস্থলে স্থান দিয়েছেন। তিনি সিলেটের উন্নয়নে অত্যন্ত আন্তরিক। সিলেটের মানুষকে অর্থ, শিক্ষাসহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন।