Sylhet Today 24 PRINT

বাহুবলে যুবসংহতি নেতাকে হত্যার পর পাঁচ টুকরো করে ফেলা হয়, আটক ২

শাকিলা ববি, হবিগঞ্জ |  ২৮ ফেব্রুয়ারী, ২০১৬

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়ন জাতীয় যুব সংহতি সভাপতি রফিক মিয়ার খন্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা সাড়ে ১১টায় ঢাকা-সিলেট রেল স্টেশনের বাহুবলের বার আউলিয়া এলাকায় রেল লাইনের পাশ থেকে তার খন্ডিত লাশ উদ্ধার করা হয়। হত্যার পর পাঁচ টুকরো করে ফেলা হয় রফিক মিয়ার লাশ।

নিহত রফিক মিয়া (৩২) উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র। নিহত রফিক মিয়ার স্ত্রী তাসলিমা জানান, রফিক মিয়া শনিবার রাতে খাবার খেয়ে পরিবারের সাথে ঘুমাতে যান। রাত প্রায় ২টার দিকে তাসলিমার ঘুম ভাঙ্গলে দেখতে পান স্বামী রফিক মিয়া বিছানায় নেই ঘরের দরজা খোলা। দীর্ঘ অপেক্ষার পর রফিক মিয়া ঘরে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোজাখুঁজি শুরু করেন।

সকালে খবর পেয়ে বাহুবল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির পাশ থেকে রক্তমাখা গেঞ্জি, ধারালো অস্ত্র ও পাশের একটি পুকুর থেকে তার পরণের লুঙ্গি উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ নিহত রফিক মিয়ার চাচা জাহির মোল্লাহ (৫৫) ও কালাম মিয়া (৩০) কে আটক করে।

নিহত রফিক মিয়ার ছোট ভাই ছাদিক মিয়া জানান, বাড়ির রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে তার চাচা জাহির মোল্লাহর সাথে বিরোধ ছিল।

এ ব্যাপারে বাহুবল মডেল থানার ওসি মোশাররফ হোসেন জানান, পুলিশ রফিক মিয়ার খন্ডিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকান্ড সংঘটিত হতে পারে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.