Sylhet Today 24 PRINT

সিলেটে ভুল অস্ত্রোপচারের অভিযোগে দুই চিকিৎসকের বিরুদ্ধে সমন জারি

ডেস্ক রিপোর্ট |  ২৮ ফেব্রুয়ারী, ২০১৬

সিলেটে ভুল অস্ত্রোপচারের অভিযোগে দুই চিকিৎসকের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে।

রোববার (২৮ ফেব্রুয়ারি) সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুজ্জামান হিরু মামলাটি আমলে নিয়ে আগামী ৩০ মার্চ চিকিৎসকদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে ভুল অস্ত্রোপাচারের অভিযোগে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার কুচাই ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের আব্দুল খালিকের ছেলে আব্দুর রউফ (সিআর নং-৯৯৮/১৪) মামলা করেন। মামলায় সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের (সিওমেক) সার্জারি বিভাগের অধ্যাপক ডা. ডি.এ হাসান ও জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আবেদ হুসাইনকে আসামী করা হয়।

মামলার এজাহারে আব্দুর রউফ উল্লেখ করেন, ওই বছরের ৮ জুন পেটের ব্যাথা নিয়ে ডা. মো. ঈসমাইল পাটোয়ারীর শরনাপন্ন হন তিনি। ডা. ঈসমাইলের পরামর্শে ১০ জুন পপুলার ডায়গানস্টিক সেন্টারে ‘হিস্ট্রোপলজি’ পরীক্ষা করানো হয়। রিপোর্টে প্যাথলজি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. আবেদ হুসাইন ‘কোলন-এডিনোকার্সিনমা’ রয়েছে বলে উল্লেখ করেন। ডা. রফিকুস সালেহীন রিপোর্ট দেখে অপারেশন লাগবে বলে জানান।

অসচ্ছলতার কারলে রউফ সিওমেক’র সার্জারি বিশেষজ্ঞ প্রফেসর ডি.এ হাসানের কাছে গেলে তিনি রিপোর্ট দেখে সরকারি হাসপাতালে ভাল চিকিৎসা হয়না জানিয়ে ক্লিনিকে ভর্তির পরামর্শ দেন। তার পরামর্শ অনুযায়ী ২০ জুন নগরীর মধুশহীদ আরোগ্য পলি ক্লিনিকে ভর্তি হন। ২৪ জুন পূণঃ পরীক্ষা ছাড়াই ডা. ডি.এ হাসান আব্দুর রউফের পেটে অস্ত্রোপচার করেন। অস্ত্রোপাচারকালে ডা. ডি.এ হাসান রোগীর পেটে কোনো ধরণের ক্যান্সারের লক্ষণ বা টিউমার মিলেনি বলে স্বজনদের জানান।

পরে ডা. ডি হাসান প্যাথলজি বিভাগের অধ্যাপক ডা. মো. আবেদ হুসাইনের রিপোর্ট অনুযায়ী ক্যান্সারের কোনো লক্ষণ না পেয়ে অভিভাবকদের অনুমতি ছাড়াই রোগীর পেটের একটি রগ ‘অ্যাপেনডিক্স’র কেটে ফেলেন। কেটে ফেলা অংশ ট্রাস্ট মেডিকেল সার্ভিস ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষার জন্য পাঠানো হলে সেখানেও পরীক্ষা করেন প্রফেসর ডা. আবেদ হুসাইন। রিপোর্টে তিনি ক্যান্সারের লক্ষণ নেই বলে উল্লেখ করেন।

অথচ একই চিকিৎসক এর আগে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করে রিপোর্ট দেন রোগীর ক্যান্সার হয়েছে। ভূল চিকিৎসা ও ভুল রিপোর্টের কারনে আদালতে তাদের দু’জনের বিরুদ্ধেই মামলা করেন আব্দুর রউফ। 

এ ব্যাপারে বাদি পক্ষের আইনজীবী ওবায়দুর রহমান বলেন, ভুল অস্ত্রোপাচারের কারনে আদালত দুই চিকিৎসকের বিরুদ্ধে সমন জারি করেছেন। তাদেরকে এক মাসের মধ্যে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.