জগন্নাথপুর প্রতিনিধি | ২৮ ফেব্রুয়ারী, ২০১৬
সরকারের পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, মাত্র ৯ মাসে বাংলাদেশ স্বাধীন হয়েছে। পৃথীবির কোথাও এমন নজির নেই। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মর্যাদার সাথে দাঁড়িয়ে আছে। বর্তমানে বাংলাদেশকে বিশ্বের অন্যান্য দেশ অনুকরণ করছে। আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের উচ্চ আয়ের দেশ হিসেবে গড়ে উঠবে। তাই সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধভাবে আমাদের সকলকে কাজ করতে হবে। তিনি বিরোধী দলকে উদ্দেশ্য করে বলেন, তারা ধ্বংসের রাজনীতি করছেন। আমরা এমন রাজনীতি করি না। জাতীয় পার্টি উন্নয়নের রাজনীতি করে। তিনি স্থানীয় ভূক্তভোগী জনগণকে আশ্বস্থ করে বলেন, অচিরেই কুশিয়ারা নদী ভাঙন রোধে ব্যবস্থা নেয়া হবে। সেই সাথে ভরাট হয়ে যাওয়া নদী খনন কাজ শুরু হবে।
রোববার বিকেলে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের বড়ফেছি বাজারের পাশে বড় ফেছি স্কুল মাঠে স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বীর প্রতীক, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন।
আশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজাদ কবেরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কয়েছ ইসরাইলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডা.আছকির খান, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মুজিবুর রহমান মুরাদ, যুগ্ম-সম্পাদক সাইদুল ইসলাম মেম্বার প্রমূখ।
সভায় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ূন কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, জগন্নাথপুর থানার ওসি মুরসালিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ূম মশাহিদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, আশারকান্দি ইউপি চেয়ারম্যান আইয়ূব খান, সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান আবুল হাসান, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মজলুল হক, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, রাণীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডা. ছদরুল ইসলাম, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল গফুর, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন. উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন জুয়েল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মাসুম আহমদ, উপজেলা জাতীয় পার্টির নেতা দিলু মিয়া, সাইফুল আলম আহার, ইলিয়াছ মিয়া, হারুন মিয়া সফাত আলী, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া. সদস্য আলী আছগর ইমনসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেন, এক সময় বিশ্ব ব্যাংক আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। বর্তমানে তারা পিছনে ঘুরছে। এখন আমাদের রিজার্ভ আছে ২৮ হাজার বিলিয়ন ডলার। সুতরাং কারো কাছ থেকে সাহায্য নেয়ার প্রয়োজন নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের প্রতিটি অঞ্চলে উন্নয়ন কাজ চলছে। আগামী ২ বছরের মধ্যে দেশের প্রতিটি ঘরেঘরে বিদ্যুৎ পৌছে দেয়া হবে। আমরা অন্যান্য সভ্য দেশের মানুষের মতো বেঁচে থাকতে চাই। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।
তিনি আরো বলেন, ভারত আমাদের প্রতিবেশি বন্ধু রাষ্ট্র। তাদের সাথে আমাদের ব্যবসায়িক সম্পর্ক খুবই ভাল। আমরা তাদের দেশের পণ্য আমদানী করে লাভবান হচ্ছি।
আরেক বিশেষ অতিথি পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বীর প্রতীক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা মন্ত্রীরা দেশের মাঠে-ময়দানে গিয়ে স্থানীয় জনতার সাথে কথা বলে তাদের সমস্যা বুঝে সমাধানের চেষ্টা করছি।
তিনি বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা অপরাজনীতি করে। তাদের সাথে আওয়ামীলীগের রাজনীতির কোন তুলনা হয় না। বর্তমানে দেশের মানুষ কোন মধ্যবর্তী নির্বাচন চায় না, উন্নয়ন চায়। তাই গণতন্ত্রকে শক্তিশালী করতে বর্তমান সরকারকে সহযোগিতা করতে তিনি সকলের প্রতি আহবান জানান