Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় শুকনাছড়া’র বাঁধ অপসারণ

মৌলভীবাজার প্রতিনিধি |  ২৯ ফেব্রুয়ারী, ২০১৬

অবশেষে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা, কর্মধা ও রাউৎগাঁও ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত শুকনাছড়া নদীতে বিভিন্ন জায়গায় মাছ চাষের জন্য স্থাপিত অবৈধ বাঁধ অপসারণ করা হয়েছে।

এ ব্যাপারে গত ১৮ ফেব্রুয়ারি সিলেটটুডে২৪ডটকম এ ‘কুলাউড়ার শুকনাছড়া নদীতে চলছে বাঁধ দিয়ে মাছ চাষ ও অবৈধ দখল’ শিরোনামে সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষের টনক নড়ে। এরপর কুলাউড়া সহকারী কমিশনার (ভূমি) স্থানীয় তফশীল অফিসারের মাধ্যমে নদীর বিভিন্ন জায়গার বাঁধ অপসারণ করার উদ্যোগ নেন।

স্থানীয়রা জানান, শুকনাছড়া নদীর বিভিন্ন জায়গায় স্থাপিত অবৈধ বেশ কয়েকটি বাঁধ অপসারণ করা হয়েছে। তবে বাড়ুয়াকান্দি ইট ভাটা ও মনসুরপুর ঈদগাহের কাছে বাঁধ রয়ে গেছে। তারা পর্যায়ক্রমে এ বাঁধগুলোসহ অবৈধ দখল অপসারণ ও নদী পুনঃখননের দাবি জানান। কার্যকরী উদ্যোগ নেওয়ায় এজন্য তারা প্রশাসনকে ধন্যবাদ জানান। তারা আরো বলেন, নদীটির বাঁধ ও দখল উচ্ছেদ করে পুনঃখনন করে মনু নদীর সাথে সংযোগ করে দিলে এলাকার সাধারণ মানুষ ও কৃষকেরা উপকৃত হবে।

পৃথিমপাশা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সুধাংশু রঞ্জন দেব বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে নদীর অনেকাংশের বাঁধ অপসারণ করেছি, বাকিগুলোর কাজ অব্যাহত রয়েছে।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলমগীর হোসেন বলেন, কাজ শুরু করেছি, পর্যায়ক্রমে বাকিটুকুও করবো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.