Sylhet Today 24 PRINT

সবকিছু আলাদা, কেবল বুক দুটি জোড়া লাগানো

নিজস্ব প্রতিবেদক |  ০১ মার্চ, ২০১৬

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জোড়া লাগানো অবস্থায় জন্ম নেওয়া দুই কন্যা শিশুকে ভর্তি করা হয়েছে। গত শনিবার হবিগঞ্জের মাধবপুরের বেসরকারি তিতাস শিশু ও জেনারেল হাসপাতালে জন্ম নেওয়ার পর তাদের ওসমানীতে স্থানান্তর করা হয়। অন্যদিকে শিশুদের মা নিলুফার ইয়াসমিনকে তিতাস হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসমানী হাসপাতালের শিশু সার্জারি (২৩ নম্বর) ওয়ার্ডে বর্তমানে শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার শিশুদের আলাদা করার ব্যাপারে আলোচনার জন্য মেডিকেল বোর্ড বসবে।
 
সিজারিয়ানের মাধ্যমে জোড়া লাগানো শিশুদের জন্ম দেওয়ার পর মা নিলুফার ইয়াসমিনের শারীরিক অবস্থায়ও ভালো নয় বলে পারিবারিক সূত্র জানিয়েছে। নিলুফার ব্রাক্ষণবাড়িয়া জেলা নাছিরনগর উপজেলার আলিয়ারা গ্রামের বাহরাইন প্রবাসী শাহিন মিয়ার স্ত্রী। এই দম্পতির নিশু নামের ছয় বছরের আরেকটি মেয়ে আছে বলে জানান শাহিন মিয়ার বড় ভাই ইকবাল মিয়া। ভাই বিদেশে থাকায় তিনি-ই জোড়া লাগানো শিশুদের নিয়ে ওসমানীতে আসেন।

সরেজমিনে দেখা যায়, শিশু দুটির বুক জোড়া লাগানো। তবে মাথা ও হাত-পা আলাদা রয়েছে। শিশু দু'টি আলাদা করা সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. আবদুস সালাম বলেন, শিশু সার্জারি বিভাগের প্রধান ডা. নুরুল আলমের তত্ত্বাবধানে তাদের ভর্তি করা হয়েছে। মঙ্গলবার তাদের আল্ট্রাসনোগ্রাফী করে দু’জনের আলাদা লিভার রয়েছে কি-না, তা দেখা হবে। এরপর মেডিকেল বোর্ড বসে তাদের আলাদা করাসহ পরবর্তী চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.