হবিগঞ্জ প্রতিনিধি | ০১ মার্চ, ২০১৬
হবিগঞ্জের বাহুবলে যুবসংহতি নেতার লাশ উদ্ধারের ঘটনায় আটক দুই ভাইয়ের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাউছার আলমের আদালত এ আদেশ দেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
সূত্র জানায়, উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মিরপুর ইউনিয়ন জাতীয় যুবসংহতির সভাপতি রফিকুল ইসলাম শনিবার রাতে খাবার খেয়ে ঘরে ঘুমাতে যান। রাত ২টার দিকে তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। রোববার সকালে খবর পেয়ে পুলিশ বাড়ির পাশ থেকে রক্তমাখা গেঞ্জি, রক্তমাখা কুড়াল ও পাশের একটি পুকুর থেকে তার পড়নের লুঙ্গি উদ্ধার করে। বেলা সাড়ে ১১টায় স্থানীয় লোকজন আখাউড়া-সিলেট রেলওয়ে সেকশনের বার আউলিয়া এলাকায় রেল লাইনে রফিকের খন্ড খন্ড মরদেহ দেখতে পায়। তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
এ ঘটনায় তার প্রতিবেশী জাহির মোল্লা (৪৫) ও তার বড় ভাই আবুল কালম (৪৮) কে আটক করে পুলিশ। নিহতের ছোট ভাই ছাদিকুর রহমান বাদি হয়ে রোববার রাতে বাহুবল থানায় ৩ জনের নাম উল্লেখ করে ৮ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার বাদি জানান, বাড়ির রাস্তা নিয়ে পাশের বাড়ির জাহির মোল্লাদের সাথে তাদের বিরোধ চলছিল।