Sylhet Today 24 PRINT

সার্কিট হাউসে অর্থমন্ত্রী ও প্রধান বিচারপতির জন্য প্রস্তুত রাখা কক্ষে আগুন

সিলেটটুডে ডেস্ক |  ০২ মার্চ, ২০১৬

আগুনে পুড়ে গেছে সিলেট সার্কিট হাউসের দুটি কক্ষ। বুধবার সকাল পৌণে ১১টার দিকে সার্কিট হাউসের নতুন ভবনের ভিআইপি রুমে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

আদালতের ডিজিটালাইজেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সিলেটে আসা প্রধানবিচারপতি, অর্থমন্ত্রী, আইনমন্ত্রী ও আইসিটি প্রতিমন্ত্রীর জন্য সার্কিট হাউজের পুড়ে যাওয়া কক্ষগুলো প্রস্তুত করে রাখা হয়েছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আগুন খবর পেয়ে দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছে। তবে আগুনে সার্কিট হাউসের দুইটি রুম পুড়ে গেছে। পুড়ে যায় কক্ষের আসবাবপত্রসহ সব মালামাল। ক্ষতিগ্রস্ত হয় বৈদ্যুতিক লাইনও। এসময় সার্কিট হাউজের তিন তলায় দুজন আটকা পড়লে তাদেরকে নিরাপদে নামিয়ে আনেন দমকল বাহীনির কর্মীরা।

জানা যায়, বুধবার সকালে হঠাৎ করে সার্কিট হাউসের নতুন ভবনের একটি রুম থেকে ধোঁয়া বের হতে দেখে কর্মচারীরা ফায়ার সার্ভিসে খবর দেন। তখন আগুনে সার্কিট হাউসের ২০১ ও ২০২ নম্বর ভিআইপি কক্ষের সকল আসবাবপত্র ও ইলেকট্রনিক্স মালামাল পুড়ে যায়।

সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.