হবিগঞ্জ প্রতিনিধি | ০৩ মার্চ, ২০১৬
হবিগঞ্জের বাহুবল উপজেলার চলিতাতলা এলাকায় শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাস চাপায় স্বর্ণা আক্তার (৮) নামে এক শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার (০৩ মার্চ) বেলা সোয়া ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী পৌনে ১ ঘন্টা সময় মহাসড়ক অবরোধ করে রাখে।
নিহত স্বর্ণা আক্তার বাহুবল উপজেলার নারিকেলতলা গ্রামের আফজল মিয়ার মেয়ে। সে স্থানীয় চলিতাতলা মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলা সোয়া ১১টায় নিহত স্বর্ণা চলিতাতলা এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় শ্যামলী পরিবহনের সিলেটগামী যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা স্বর্ণাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।