Sylhet Today 24 PRINT

বাহুবলে শিশু হত্যা: ৪ মায়ের এক দাবী, খুনিদের ফাঁসি

শাকিলা ববি, বাহুবল থেকে |  ০৩ মার্চ, ২০১৬

“যদি জানতাম পুত (ছেলে) আমারে ছাইড়া যাইবো, আর কোনো দিন আমার পুতরে (ছেলেকে) দেখ্যতে পারতাম না তাইলে তো মোবাইল থ্যাইক্কা ছবি মুছতাম না।”
নিজের ছেলেকে চাইলেই আর দেখতে পারবেন না ইসমাইলের মা মিনারা বেগম। একটা ছবি ও নেই তার কাছে।

ইসমাইল মাদ্রাসায় পড়ে তাই কখনো ছবি তুলা হয়নি তার। কিছু দিন আগে কয়েকটি ছবি ভাইয়ের মোবাইলে তুলা হয়েছিল কিন্তু ইসমাইল হুজুর হবে তাই ঐ ছবিগুলো ও মুছে দেয়া হয়েছিল মোবাইল থেকে। তাই ছেলের দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র পাঞ্জাবি পায়জামা নিয়ে বিলাপ করেন নিহত ইসমাইলের মা মিনারা বেগম।

মাত্র কিছুদিন আগে হবিগঞ্জের বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামের চার শিশুকে অপহরন করে হত্যা করা হয়েছে। নৃসংশ এই হত্যা কন্ডে ৪ মায়ের বুক খালি হয়েছে। এ চার শিশু হত্যার কষ্ট পৃথিবীর সবাই ভুলে গেলেও তাদের মায়েরা সারা জীবন সন্তান হারানোর কষ্ট বয়ে বেড়াবেন।

গতকাল বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামে গিয়ে দেখা গেল এখন ও নিস্তব্দতা বিরাজ করছে গ্রামে। সন্তানহারা ৪ মায়ের জল এখনও শোকায়নি। তাদের চোখে সন্তান হারানো কষ্ঠ এতটাই প্রখর, যে কেউ তাদের চোখের দিকে তাকালে বুঝতে পারবে কতটা কষ্টে দিনযাপন করছেন এই ৪ মা।

নিহত তাজেলের মা আমিনা খাতুন বলেন- সামান্য বড়ই গাছের ডাল কাটার জন্য যে এই হত্যাকান্ড ঘটবে সেটা কখনোই চিন্তা করেননি তারা। বড়দের ঝগড়ার জন্য তার নিস্পাপ শিশুর প্রান গেছে সেটা তিনি মেনে নিতে পারছেন না।

মনিরের মা সুলেমা খাতুন অনেকটা বিলাপ করেই বলেন, অনেক মানুষ এসে টাকা পয়সা দিয়ে যাচ্ছে কিন্তু এ টাকা পয়সায়তো মনে শান্তি পাই না। ছেলে হারানোর দুঃখ ভুলতে পারি না। সবাই এসে শান্তনা দিয়ে যায় কিন্তু আমিতো মনে শান্তি পাই না।

এই ৪ মায়ের সাথে কথা বলার সময় লক্ষ্য করলাম শুভর মা পারুল অনেকটা বাকরুদ্ধ হয়ে আছেন । কথা বলছেন না। সন্তান হারানো কষ্ট বুকে চেপে, চোখ দিয়ে শুধু পানি ঝড়ছে তার। পাশেই ছিল জাকারিয়া শুভর ছোট ভাই সোয়েব। ভাইয়ের মৃত্যু সম্পর্কে বুঝার মত বয়স তার হয়নি। ভাই হারানোর অনুভুতি না থাকলেও সোয়েবের সাথে কথা বলে বুঝতে পারলাম বাবা মা তাকে বুঝিয়েছে কেউ ডাকলে যেন তার কাছে না যায় সে।

৪ মায়ের এক দাবী, খুনিদের ফাঁসি। তাদের একটাই কথা আমাদের সন্তান চলে গেছে, সন্তান ফিরে পাবো না। খুনিদের ফঁসি না হলে আমরা শান্তি পাবো না।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের ৪ শিশুকে অপহরণ করা হয়। পাঁচদিন পর বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে গ্রাম থেকে প্রায় দুই কিলোমিটার দূরের ইছারবিল খালের পাশে বালুমিশ্রিত মাটিচাপা অবস্থায় ওই চার শিশুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শিশুরা হলো, বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের ওয়াহিদ মিয়ার ছেলে সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র জাকারিয়া শুভ (৮), আবদাল মিয়ার ছেলে প্রথম শ্রেণির ছাত্র মনির মিয়া (৭), আব্দুল আজিজের ছেলে চতুর্থ শ্রেণির ছাত্র তাজেল মিয়া (১০) ও সুন্দ্রাটিকি আনওয়ারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার নুরানী প্রথম শ্রেণীর ছাত্র আব্দুল কাদিরের ছেলে ইসমাইল মিয়া (১০)।

তাদের মধ্যে শুভ, মনির ও তাজেল একে অপরের চাচাতো ভাই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.