Sylhet Today 24 PRINT

হবিগঞ্জ থেকে আরো ২ শিশু নিখোঁজ

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৬ মার্চ, ২০১৬

হবিগঞ্জের বাহুবলে চার শিশুকে অপহরণের পর হত্যার রেশ কাটতে না কাটতেই এবার আরো দুই শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে। শুধু তাই নয় নিখোঁজের ২০ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত সাইফুর রহমান আনন্দ নামে অপহৃত এক শিশুকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

অপহৃত আনন্দ শায়েস্তাগঞ্জ থানার নিশাপট গ্রামের জমির আলীর ছেলে এবং স্থানীয় সুলতানশী হাফিজিয়া মাদরাসার ছাত্র।

শিশুটির স্বজনরা জানান, গত ১৬ ফেব্রুয়ারি সদর উপজেলার দক্ষিণ চরহামুয়া থেকে নিখোঁজ হয় আনন্দ। পরদিন ১৭ ফেব্রুয়ারি তার বাবা জমির আলী সদর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। কিন্তু এখনও তার কোনো সন্ধান দিতে পারেনি পুলিশ।

অন্যদিকে, গত শনিবার হবিগঞ্জ শহর থেকে তায়েন মিয়া (১৩) নামে অপর এক মাদরাসাছাত্র নিখোঁজ হয়েছে। তায়েন শহরের রাজনগর এতিমখানা সড়কের কাশেম মিয়ার ছেলে ও শায়েস্তাগঞ্জ ফর্দ্রখোলা আনোয়ার মদিনা মাদরাসার ছাত্র।

তায়েনের পরিবার জানায়, শনিবার দুপুরে বাসা থেকে মাদরাসার উদ্দেশ্যে বের হয় তায়েন। কিন্তু মাদরাসা ছুটি হয়ে গেলেও সে বাসায় আসেনি। সম্ভাব্য সব স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পাওয়া যায়নি। রাতেই তায়েনের চাচা মাসুদ আহমেদ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, নিখোঁজ শিশুদের পরিবারের লোকজন থানায় জিডি করেছেন। তারা বিষয়টি সর্ব্বোচ্চ গুরুত্ব দেখছে। ইতিমধ্যে তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করেছেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), আব্দুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০), আবদাল মিয়ার ছেলে মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশী আব্দুল কাদিরের ছেলে ইসমাঈল হোসেন (১০) নিখোজ হয়। ১৭ ফেব্রুয়ারি সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.