বিশ্বনাথ প্রতিনিধি | ০৭ মার্চ, ২০১৬
বিশ্বনাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও গালমন্দ করার অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদ করায় সাবেক ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা আবদুস শহিদকে হত্যার হুমকি দেয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
এঘটনায় শনিবার রাতে জানাইয়া গ্রামের সাবেক মেম্বার আবদুস শহিদ (৪০) বাদি হয়ে বিশ্বনাথ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। একই গ্রামের মৃত আপ্তাব আলীর ছেলে আকবর আলীকে (৫৫) একমাত্র আসামি করা হয়।
অভিযোগ দায়েরের সত্যতা স্বীকার করেছেন বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান এবং ওই অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এসআই কল্লোল গোস্বামী। তারা বলেন, এবিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে, তদন্তও চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, শনিবার রাতে তিনি উপজেলা সদরের নতুন বাজারস্থ হারিছ আলী নামের একজনের দোকানে গিয়ে চা খাচ্ছিলেন। এসময় আকবর আলী তার ব্যবহৃত প্রাইভেট কার থেকে নেমে ওই দোকানের সামনে গিয়ে দাঁড়ান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করে অশ্লীল ভাষায় গালমন্দ শুরু করেন। দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে গালমন্দ করায় আবদুস শহিদ মেম্বার এর প্রতিবাদ করেন। এতে আকবর আলী বাদী আবদুস শহিদ ও সাক্ষী আওলাদ আলীর উপর ক্ষিপ্ত হয়ে তারা দু’জনকেও গালমন্দ শুরু করেন। পাশাপাশি তাদেরকে মারপিট করার জন্য এগিয়ে যান। পরে স্থানীয় লোকজন ছুটে সেখানে উপস্থিত হয়ে আকবর আলীর কবল থেকে বাদী ও সাক্ষীকে উদ্ধার করেন।