সিলেটটুডে ডেস্ক | ০৮ মার্চ, ২০১৬
সচেতন নাগরিক কমিটি (সনাক)-সিলেট এবং বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), সিলেট এর উদ্যোগে ৮ মার্চ বিকেলে সনাক কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাক সিলেটের সভাপতি মোঃ ইরফানুজ্জামান চৌধুরী।
এ বছর জাতিসংঘ কর্তৃক ঘোষিত আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য-‘অধিকার, মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান’। দিবসটি উপলক্ষে টিআইবি প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘ক্ষমতায়িত নারী, জাগ্রত বিবেক, দুর্নীতি রুখবেই’। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন টিআইবি সিলেটের এরিয়া ম্যানেজার কমল কৃষ্ণ সাহা।
আন্তর্জাতিক নারী দিবসের উপর টিআইবি’র ধারণাপত্র পাঠ করেন ইয়েস ফ্রেন্ডস মাহফুজা ইয়াসমিন মৌমি। নারী অধিকার বাস্তবায়ন ও দুর্নীতিবিরোধী আন্দোলনে তরুণদের ভূমিকা নিয়ে মুক্ত আলোচনায় সনাক সিলেটের ইয়েস, ইয়েস ফ্রেন্ডস সদস্যগণ ও সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীগণ তাদের মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, টিআইবি সিলেট ক্লাস্টারের প্রোগ্রাম ম্যানেজার সুদর্শন পাল, সনাক সিলেটের উপদেষ্টা পরিষদের সদস্য নারীনেত্রী বাংলাদেশ মহিলা পরিষদ সিলেটের সভাপতি খুশী চৌধুরী, সনাক সদস্য সমিক সহিদ জাহান, ব্লাস্ট-সিলেট এর ডেপুটি প্রোগ্রাম ম্যনেজার অ্যাডভোকেট সত্যজিত দাস, অ্যাডভোকেট শরীফা আক্তার, সনাক সদস্য অধ্যাপিকা তাহমিনা ইসলাম, সিলেট উইমেন চেম্বারের সভাপতি নুরুন্নাহার বেবী, তৃণমূল নারীদের সংগঠক রোকসানা বেগম, স্বজন সদস্য এনায়েত হাসান মানিক, সনাক সদস্য এ কে শেরাম, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সনাক সদস্য অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম এবং টিআইবি’র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোঃ হাসান আলী।
মুক্ত আলোচনায় মডারেটিং করেন সনাক সদস্য ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির বিভাগীয় প্রধান অ্যাডভোকেট সৈয়দা শিরিন আক্তার।
সভায় আলোচকগণ বলেন, নারী অধিকার বাস্তবায়ন ও দুর্নীতি প্রতিরোধে প্রচলিত সামাজিক বাঁধাসমূহ চিহ্নিত করে দৃষ্টিভঙ্গীর ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে নারী-পুরুষ সকলকে সম্মিলিত উদ্যোগ নিতে হবে। নারীর ক্ষমতায়নের জন্য সর্বাগ্রে প্রয়োজন শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন। সমাজে ও রাষ্ট্রে নারীর যতটুকু অংশগ্রহণ রয়েছে তার অর্থনৈতিক মূল্যায়ন থাকা জরুরী।
নারী-পুরুষের সমন্বিত প্রচেষ্টা এবং একে-অপরের প্রতি শ্রদ্ধাবোধের মধ্য দিয়েই নারীর অগ্রযাত্রার পথ সুগম হতে পারে। নারী ও পুরুষ বিষয়টি পৃথকভাবে না ভেবে মানুষে-মানুষে সমতা প্রতিষ্ঠার আন্দোলন প্রয়োজন।