Sylhet Today 24 PRINT

নারী দিবসে বোনকে নির্যাতনের প্রতিবাদ করায় ভাই খুন!

নিজস্ব প্রতিবেদক |  ০৯ মার্চ, ২০১৬

বিয়ের পর থেকেই নাজনিনকে নির্যাতন করতেন তাঁর বর এনামুল কবির এনাম। যিনি ছাত্রদলের কর্মী ও একাধিক মামলার আসামী।

বোনকে নির্যাতনের প্রতিবাদ করেছিলেন এনামের শ্যালক আনোয়ার হোসেন(২২)। এ নিয়ে দু'জনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরেই মঙ্গলবার রাতে আনোয়ারকে ছুরিকাঘাত করে হত্যা করেন এনাম।

সারাদেশে যখন নানা আয়োজনে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস তখন এই দিবসেই সিলেটে বোনকে নির্যাতনের প্রতিবাদ করতে গিয়ে খুন হলেন ভাই। মঙ্গলবার রাত ৮ টার দিকে নগরীর পাঠানটুলায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।  

নিহত আনোয়ার সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার আনুজানি গ্রামের আব্দুল খালিকের ছেলে। তিনি এমসি কলেজে বিএ পাসের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। পল্লবীতে বোনের বাসার পাশেই ৪৩ নম্বর বাসায় তিনি পরিবার নিয়ে বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, পল্লবী এলাকার একাধিক মামলার পলাতক আসামি এনামুল কবিরের সঙ্গে নিহত আনোয়ারের বোন নাজনিনের বিয়ে হয়। এরআগেও এনাম আরো দুটি বিয়ে করেন বলে জানা গেছে। যৌতুকের দাবিতে স্ত্রী নাজনিনকে প্রায় মারপিট করতেন এনামুল কবির। দু`দিন আগে আনোয়ার তার দুলাভাইয়ের সঙ্গে ঝগড়া করে বোনকে তাদের পল্লবীর বাসায় নিয়ে আসেন।

এর জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় আনোয়ার পল্লবী এলাকার ক্লাবঘরের সামনে এলে এনামুল কবির তাকে হঠাৎ উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রাইভেটকার নিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত আনোয়ারকে একজন পান দোকানিসহ দুজন ওসমানী হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, আনোয়ারের বোনকে নির্যাতন করতো তার স্বামী। এ ঘটনার প্রতিবাদ করায়ই বোন জামাইয়ের হাতে আনোয়ার খুন হন।

তিনি জানান এ ঘটনায় আনোয়ারের বন্ধু ইব্রাহিম ও স্থানীয় চা-দোকানদার কাজলকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে।

ঘাতক এনামকে গ্রেফতারে সাঁড়াশি অভিযান চলছে বলে জানান ওসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.