Sylhet Today 24 PRINT

পাঠানটুলায় খুন : থানায় মামলা, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক |  ০৯ মার্চ, ২০১৬

সিলেটের পাঠানটুলায় বোনজামাইয়ের ছুরিকাঘাতে শ্যালক খুনের ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ প্রধান আসামী ছাড়া ৩ জনকে গ্রেপ্তার করেছে।

বুধবার (৯ মার্চ) সকালে মহানগরীর জালালাবাদ থানায় মামলাটি দায়ের করেন নিহতের বাবা আব্দুল খালিক। মামলার এজাহারে ৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।

তারা হলেন নিহতের ভগ্নীপতি এনাম এবং তার বাবা-মা ও মামা।

সিলেট মহানগরীর জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, আসামিদের মধ্যে এনাম ছাড়া অন্য তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এনামকেও গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

মঙ্গলবার রাতে নগরীর মদিনা মার্কেট এলাকায় পারিবারিক কলহের জের ধরে আনোয়ার হোসেন (২২) নামের যুবককে এলোপাথাড়ি ছুরিকাঘাত করেন তারই ভগ্নীপতি এনাম।

নিহত আনোয়ার সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার আনুজানি গ্রামের আব্দুল খালিকের ছেলে। তিনি এমসি কলেজে বিএ পাসের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। পল্লবীতে বোনের বাসার পাশেই ৪৩ নম্বর বাসায় তিনি পরিবার নিয়ে বসবাস করতেন।

উল্লেখ্য, মামলার প্রধান আসামী এনামুল কবিরের সঙ্গে নিহত আনোয়ারের বোন নাজনিনের বিয়ে হয়। এরআগেও এনাম আরো দুটি বিয়ে করেন বলে জানা গেছে। যৌতুকের দাবিতে স্ত্রী নাজনিনকে প্রায় মারপিট করতেন এনামুল কবির। ঘটনার দুই দিন আগে আনোয়ার তার দুলাভাইয়ের সঙ্গে ঝগড়া করে বোনকে তাদের পল্লবীর বাসায় নিয়ে আসেন।

এর জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় আনোয়ার পল্লবী এলাকার ক্লাবঘরের সামনে এলে এনামুল কবির তাকে হঠাৎ উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রাইভেটকার নিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত আনোয়ারকে একজন পান দোকানিসহ দুজন ওসমানী হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.