বড়লেখা প্রতিনিধি | ০৯ মার্চ, ২০১৬
মৌলভীবাজারের বড়লেখার গান্ধাই পানপুঞ্জির খাসিয়া মন্ত্রী (হেডম্যান) রাজেশ পসনার কাছে মোবাইল ফোনে ৫ লাখ টাকা চাঁদা দাবী করেছে অজ্ঞাত দুর্বৃত্ত। এ ঘটনায় থানার জিডি করার এক সপ্তাহের মধ্যে দুর্বৃত্তরা পান জুমের প্রায় ২ হাজার পান গাছ কেটে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি করেছে। এতে পুঞ্জির ৮ টি খাসিয়া পরিবার অসহায় হয়ে পড়েছে। এ ঘটনায় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি দুপুরে বাংলালিংকের একটি নম্বর থেকে অজ্ঞাত ব্যক্তি উপজেলার গান্ধাই পুঞ্জির মন্ত্রী (হেডম্যান) রাজেশ পসনাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবী করে। একটি বিকাশ নম্বর দিয়ে বলে এ মুহূর্তে ২০ হাজার টাকা বিকাশ করতে। অবশিষ্ট টাকা হাতে হাতে নিয়ে যাবে। অন্যতায় পুঞ্জির সকল পান গাছ কেটে ফেলবে এবং তাকে হত্যার হুমকি দেয়। এঘটনায় খাসিয়া মন্ত্রী থানায় সাধারন ডায়রি (জিডি নং-১২৬৫/২৮.২.১৬) করেন। জিডি করার এক সপ্তাহের মধ্যে গত ৬ মার্চ (রোববার) দুর্বৃত্তরা ৮টি পানজুমের প্রায় ২ হাজার পান গাছ কেটে ফেলে।
পানপুঞ্জির মন্ত্রী (হেডম্যান) রাজেশ পসনা জানান, ৮টি পরিবার পানবিক্রির ওপর নির্ভরশীল। রোববার খাসিয়ারা ধর্মীয় উপাসনালয়ে থাকার সুযোগে দুর্বৃত্তরা ৮ পান জুমের প্রায় ২ হাজার পান গাছ কেটে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি করেছে। ঘটনাটি তিনি থানায় জানিয়েছেন।
এ বিষয়ে বড়লেখা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত কাজ চলমান রয়েছে। ধারণা করা হচ্ছে, গান্ধাই এলাকার কোনো বাঙালি অথবা বাইরের কোনো লোক আদিবাসীদের ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করছে।