Sylhet Today 24 PRINT

জকিগঞ্জে প্রবাসীর জায়গা দখল ও টাকা আত্মসাতের অভিযোগ

সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ

সিলেটটুডে ডেস্ক |  ০৯ মার্চ, ২০১৬

মৌলভীবাজারের জুড়ী উপজেলার লল্ডন প্রবাসী সিলেটের জকিগঞ্জে জায়গা ক্রয় করে বেকায়দায় পড়েছেন। তার জায়গা জবর দখল ও সাড়ে ২৬ লক্ষ টাকা আত্মসাত করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। এমনকি প্রতিকার চাইতে গিয়ে প্রবাসী হান্নান জকিগঞ্জ থানায় নাজেহাল হন।

জুড়ী উপজেলার বিশ্বনাথ গ্রামের লন্ডন প্রবাসী হাজী আব্দুল মান্নান বুধবার সিলেট জেলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, জকিগঞ্জের উত্তরগুল গ্রামে শ্বশুড় বাড়িতে আসা যাওয়ার সুবাধে মানিকপুর গ্রামের আজমল আলীর সাথে পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে আজমল আলী কিছু ভূমি বিক্রয় করার প্রস্তাব দেন এবং এ ভূমি ক্রয় করতে উৎসাহ যোগান। আব্দুল মান্নান সরল বিশ্বাসে আজমল আলীর কাছ থেকে পূর্ব মানিকপুর মৌজায় ৮ শতক ভূমি খরিদ করেন। যা আজমল আলী ও তার স্ত্রী রোকসানা বেগম সাফ কাবালা রেজিষ্ট্রি করে দেন প্রবাসীর শিশুপুত্র আব্দুর রহমানের নামে। পরবর্তীতে আজমল আলী ছেলেকে মেডিকেল কলেজে ভর্তির উদ্দেশ্যে এ ভূমির পাশে আরো ৭৫ শতক ভূমি আব্দুল মান্নানের কাছে বিক্রির অঙ্গীকার করেন।

এজন্য তিনি আজমল আলীকে তার নামীয় মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক লিঃ মৌলভীবাজার শাখার সঞ্চয়ী হিসাব নম্বর-০০২৪-০৩১০০০৫১৪৪  থেকে আজমল আলীর নামীয় পূবালী ব্যাংক, কালিগঞ্জ শাখার সঞ্চয়ী হিসাব নম্বর ৮৭৬২৭৩৪ একাউন্ট পেয়ী ২৬ লাখ ৪০ হাজার টাকার চেক প্রদান করেন।

সংবাদ সম্মেলনে মান্নান আরোও জানান, টাকা পয়সা দেয়া সত্ত্বেও ওই ভূমি দখল করতে পারেননি। বরং আজমল আলী তার ভাতিজা হোসাইনসহ একদল ভাড়াটিয়া সন্ত্রাসী মিলে ভূমি অন্যত্র বিক্রির পাঁয়তারা চালাচ্ছে। বিষয়টি তিনি মানিকপুর ইউপি চেয়ারম্যানকে জানালে চেয়ারম্যান কোন উদ্দ্যোগ নেননি। শেষ পর্যন্ত জকিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন।

জকিগঞ্জ থানার ওসি বিষয়টি সালিশ নিষ্পত্তি করতে উভয় পক্ষকে থানায় ডেকে এনে সাদা কাগজে দস্তগত রাখেন। আব্দুল মান্নান সাদা কাগজে দস্তগত রাখার বিষয়টি ওসিকে জিজ্ঞেস করলে ক্ষিপ্ত ওসি তাকে জেলে ঢুকিয়ে দেয়ার হুমকী দেন। বৈধ ভাবে সম্পত্তি ক্রয় করে হয়রানী শিকার প্রবাসী এ ব্যাপারে সিলেটের বিভাগীয় কমিশনার ও ডিআইজি বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি জানমাল রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। সেই সাথে আর কোন প্রবাসী যাতে হয়রানীর শিকার না হন সে ব্যাপারে উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীসহ সরকারের সংশি¬ষ্ট বিভাগের কাছে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.