Sylhet Today 24 PRINT

জকিগঞ্জে পল্লী বিদ্যুতের মামলায় দুই জন কারাগারে

সিলেটটুডে ডেস্ক |  ০৯ মার্চ, ২০১৬

সিলেটের জকিগঞ্জ উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় দুইজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার জকিগঞ্জ সহকারী জজ আদালতের বিচারক মো. খায়রুল আমিন এ আদেশ দেন।

আসামিরা হচ্ছেন- উপজেলার গংগাজলের ঘেচুয়া গ্রামের বাসিন্দা মো. আব্দুল আজিজের ছেলে আহমদ (২৫) ও আব্দুল কাদিরের ছেলে আব্দুল হান্নান (৩২)।
বাদি পক্ষের আইনজীবী আব্দুর রহমান জানান, আহমদ ও আব্দুল হান্নান বুধবার জকিগঞ্জ সহকারী জজ আদালতে আত্মসম্পন করে জামিন প্রার্থনা করেন। এ সময় আদালতের বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি জানান,  গত ২৯ ফেব্রুয়ারি সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি- ১ এর ডিজিএম মো. মোস্তফা কামাল বাদি হয়ে সিলেটের জকিগঞ্জ উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় জকিগঞ্জ থানায় উপজেলার গংগাজলের ঘেচুয়া গ্রামের বাসিন্দা মৃত মদরিস আলীর ছেলে মো. আব্দুল আজিজ (৬০) ও তার ছেলে আহমদ (২৫), আব্দুল কাদিরের ছেলে আব্দুল হান্নান (৩২), মৃত নূরাই মিয়ার ছেলে মামুনুর রশিদকে (৩৫) আসামি করে জকিগঞ্জ থানায় মামলা করেন। বিদ্যুৎ লাইন ছিড়ে ফেলার কারণে তাদের বিরুদ্ধে মামলা করা হয়ছিল বলে জানান তিনি।

তিনি আরো জানান, ওই মামলায় মদরিস আলীর ছেলে মো. আব্দুল আজিজ ও মৃত নূরাই মিয়ার ছেলে মামুনুর রশিদ পলাতক রয়েছেন।

প্রসঙ্গত, উপজেলার ঘেচুয়া গ্রামের মো. আব্দুল মন্নানের বাড়িতে বিদ্যুৎ সংযোগ প্রদানকালে পাশবর্তী বাড়ির আব্দুল আজিজ গং বাধা প্রদান করলে পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুৎ সংযোগ দিতে পারেনি। পরবর্তীতে আব্দুল মন্নান সহকারী জজ আদালত জকিগঞ্জ আদালতে বিদ্যুৎ সংযোগের জন্য ১৪/২০১৫ মামলা দায়ের করেন। আদালতের বিচারক গত বছরের ২৯ নভেম্বর তারিখে রায় পাওয়ার ৪৫ দিনের মধ্যে পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর ডিজিএমকে আব্দুল মন্নানের বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেয়ার আদেশ প্রদান করেন।

গত ২৪ ফেব্রুয়ারি পুলিশের সহযোগিতায় আব্দুল মন্নানের বাড়িতে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়। কিন্তু পরদিন ২৫ ফেব্রুয়ারি ঘেচুয়া গ্রামের বাসিন্দা মৃত মদরিস আলীর ছেলে মো. আব্দুল আজিজ ও তার ছেলে আহমদ, আব্দুল কাদিরের ছেলে আব্দুল হান্নান, মৃত নূরাই মিয়ার ছেলে মামুনুর রশিদ বাঁশের খুটি দিয়ে বিদ্যুতের তার ছিড়ে ফেলেন। পরে ২৮ ফেব্রুয়ারি পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ কর্মীরা পুনরায় বিদ্যুৎ সংযোগ প্রদানের জন্য যাওয়ার পর আসামিরা বিদ্যুৎ কর্মীদের গালাগালি করেন এবং মারধরের হুমকি দেয়। তাই পুনরায় সংযোগ দিতে পারেনি তারা। পরে ২৯ ফেব্রুয়ারি সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি- ১ এর ডিজিএম মো. মোস্তফা কামাল বাদি হয়ে চারজনকে আসামি করে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.