Sylhet Today 24 PRINT

ছাত্রদল নেতা জিলু হত্যা মামলা: চার্জশিটের উপর নারাজির শুনানী

ডেস্ক রিপোর্ট |  ১০ মার্চ, ২০১৬

সিলেটে বহুল আলোচিত ছাত্রদল নেতা জিল্লুল হক জিলু হত্যা মামলায় দাখিলকৃত চার্জশীটের নারাজির উপর শুনানী সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ বিচারক সাইফুজ্জামান হিরুর আদালতে এই শুনানী হয়। এসময় আদালত বাদিকেও জিজ্ঞাসাবাদ করেন।

মামলার প্রধান আসামী মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাহবুব কাদির শার্হীসহ ১২ জনকে বাদ দেওয়ায় বাদি নিহত জিলুর ভাই আহমেদ আহসান মাহবুব গত ১৪ জানুয়ারি আদালতে চার্জশিটের বিরুদ্ধে আংশিক নারাজি দেন।

শুনানীতে অংশ নেন জেলা আইনজীবী সমিতির সভাপতি একেএম শমিউল আলম, বাদি পক্ষর আইনজীবী ফজলুল হক সেলিম ও তাহমিনা তাবাসসুম। আইনজীবীরা জানান, নারাজির উপর শুনানী সম্পন্ন হয়েছে। আদালতের আদেশ কিংবা নির্দেশনা এখনও পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ২০১৪ বছরের ২৭ জুন নগরীর পাঠানটুলায় গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ছাত্রদল নেতা জিল্লুল হক জিলুকে রাস্তায় কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর সাবেক ছাত্রদল নেতা শাহীসহ দলের ২০ নেতাকর্মীদের বিরুদ্ধে নিহতের বড় ভাই আহমেদ আহসান মাহবুব বাদি হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।

হত্যাকান্ডের দেড় বছর পর গত ৭ ডিসেম্বর বাদিকে না জানিয়ে আদালতে চার্জশীট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই কমর উদ্দিন। চার্জশীটে তিনি প্রধান আসামীসহ ১২ জনকে বাদ ছাড়াও নতুন করে ১১ জনকে অভিযুক্ত করেন। এ অবস্থায় চার্জশীটের বিরুদ্ধে আংশিক নারাজি দেন বাদি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.