Sylhet Today 24 PRINT

‘ইভটিজিং এর প্রতিবাদ করায় খুন হন বিপ্লব’, অভিযুক্ত যুবলীগ নেতা পলাতক

নিজস্ব প্রতিবেদক |  ১৬ মার্চ, ২০১৬

ইনসেটে অভিযুক্ত জামশেদ সিরাজ

নগরীর রায়নগরে মঙ্গলবার মধ্যরাতে ১৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাভেদ সিরাজের ছোটভাই ও যুবলীগ নেতা জামশেদ সিরাজের হামলায় নিহত হন বিপ্লব রায় বিকল (২৮) নামে এক যুবক।

একই ঘটনায় আহত হন বিপ্লবের দুই বন্ধু অনন্ত ও প্রীতম। অনন্ত শ্রমিকলীগ নেতা হিরালাল দাসের পুত্র।

নিহত বিপ্লবের পরিবার জানিয়েছে পূর্ব শত্রুতা ও ইভটিজিং এর প্রতিবাদ করার জেরে বিপ্লবকে খুন করা হয়েছে। বিপ্লবের পরিবার সূত্রে জানা যায় পাঁচ ছয় মাস আগে বিপ্লবের ভাতিজিকে ইভটিজিং করত সুমন দাস নামক এক বখাটে যুবক। এর প্রতিবাদ করায় সুমন বিপ্লবকে দেখে নিবে বলে হুমকি দেয়। হুমকি পেয়ে বিপ্লবের পরিবারের পক্ষ থেকে গত বছরের ১৫ অক্টোবর সিলেট কতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। সাধারণ ডায়েরি নং- ৫৫৭।  বিপ্লবের পরিবার অভিযোগ পুলিশ কোন ব্যবস্থা নেয়নি, তারা দাবি করেন সুমনই জামশেদকে দিয়ে বিপ্লবকে খুন করিয়েছে।

এদিকে সিলেট কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ জিডি হবার কথা অস্বীকার করেন।

মঙ্গলবার(১৫ মার্চ) দিবাগত (১৬ মার্চ রাত) রাত ১২টায় ১৮ নং ওয়ার্ড যুবলীগের নেতা জামশেদ সিরাজ কথাকাটাকাটির জের ধরে অনন্ত ও তাঁর দুই বন্ধুকে বেধড়ক পিটিয়ে আহত করলে গুরুতর আহত বিপ্লব সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসতাপালে রাত ১টার দিকে  মারা যান।

এদিকে এই ঘটনায় জামশেদ সিরাজকে অভিযুক্ত করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। হামলার পর পরই জামশেদ সিরাজ এলাকা থেকে পালিয়ে গেছেন। পুলিশ জানিয়েছেন তাকে ধরতে নগরীর বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.