Sylhet Today 24 PRINT

সোহাগী হত্যার বিচার দাবিতে নগরীতে আলোক সমাবেশ

সিলেটটুডে ডেস্ক |  ২৩ মার্চ, ২০১৬

কুমিল্লার ওলিপুর এলাকায় ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের মেধাবী ছাত্রী ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের নাট্যকর্মী সোহাগী জাহান তনুর নির্মম হত্যাকান্ডের বিচার চাইল সম্মিলিত নাট্য পরিষদ সিলেট।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় একুশের চেতনায় নাট্যোৎসবের নাটক শুরুর পূর্বে সম্মিলিত নাট্য পরিষদের আয়োজনে সোহাগী হত্যার বিচার দাবিতে আলোর সমাবেশ অনুষ্ঠিত হয়। নাট্য ও সংস্কৃতি কর্মীসহ অনেকেই হাতে মোমবাতি প্রজ্জ্বলন করে সোহাগী হত্যার বিচার দাবীতে মিলিত হন।

সমাবেশে বক্তারা বলেন- মাত্র ১৯ বছর বয়সে যারা সোহাগীর জীবন প্রদীপ নিবিয়ে দিয়েছে, তাকে নির্লজ্জের মতো ধর্ষণ করে হত্যা করেছে তারা মানুষরোপী হায়েনা। তারা অবিলম্বে সোহাগী হত্যাকারীদের চিহ্নিত করে বিচারের মাধ্যমে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। নেতৃবৃন্দ মেধাবী ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী হত্যার সুষ্টু বিচার না হওয়া পর্যন্ত নাট্য ও সাংস্কৃতিক কর্মীরা তাদের প্রতিবাদ অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আলোর সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সম্মিলিত নাট্য পরিষদের সহসভাপতি খোয়াজ রহিম সবুজ, প্রাক্তন সাধারণ সম্পাদক শামসুল বাসিত শেরো, বর্তমান সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, নাট্য সংগঠক হুমায়ুন কবীর জুয়েল, কবি ও গবেষক সুমন কুমার দাস, নাট্যকর্মী সুপ্রিয় দেব শান্ত, দেবাশীষ দেবু, ইসমাইল তাপাদার, সাইফুর রহমান সুমন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.