Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত

কুলাউড়া প্রতিনিধি: |  ২৬ মার্চ, ২০১৬

কুলাউড়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষর হামালয় আছকর আলী (৫৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। ২৬ মার্চ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার কর্মধা ইউনিয়নের মনসুরপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। তিনি ওই এলাকার মৃত নওয়াজ মিয়ার পুত্র।

ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত আছকর আলীর কন্যা সুমি বেগম ও সাম্মী বেগম জানান , শনিবার(২৬ মার্চ) সকাল ১০টায় তাদের বাবা বাড়ির আঙ্গিনায় বসা ছিলেন। এসময় পাশের বাড়ির রফিকুল ইসলাম ও তার ছেলে মামুন মিয়া আছকর আলীর বাড়িতে এসে তাঁর সাথে কথা কাটাকাটির শুরু করে। কথা কাটাকাটির এক পর্যায়ে মামুন খুনতি দিয়ে আছকর আলীর কাঁধে আঘাত করলে তিনি সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় সাম্মী ও সুমি তাদের বাবাকে বাঁচাতে এগিয়ে গেলে তাদের ওপরও হামলা চালানো হলে তারা আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তারা আরও বলেন বাড়ির জায়গা নিয়ে বেশ কয়েকদিন থেকে রফিকুল ইসলামের সাথে তাদের বিরোধ চলছিল। ঘটনার পর থেকেই রফিকুল ইসলাম ও তার ছেলে মামুন মিয়া পালিয়ে যায়। নিহত আছকর আলী তিন মেয়ে ও দুই ছেলের জনক।

এ ব্যাপারে কুলাউড়া থানার উপ পরিদর্শক দিদার খুনের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতিবেশী রফিকুল ইসলামের সাথে জমি নিয়ে আছকর আলীর বিরোধ চলছিল। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কুলাউড়া থানার ডিউটি অফিসার এস আই ওসমান বিকেল ৫টায় মোবাইলে বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.