বড়লেখা প্রতিনিধি | ২৭ মার্চ, ২০১৬
মৌলভীবাজারের বড়লেখায় চতুর্থ শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। দোকানে কলম কিনতে গিয়ে দোকানদার কর্তৃক ধর্ষিত হয় সে।
রোববার (২৭ মার্চ) ধর্ষককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। এছাড়া ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার সুজাউল অফিস বাজারের একটি কিন্ডার গার্টেন স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী (৯) ২২ মার্চ স্কুলে যাওয়ার পথে কলম কেনার জন্য বাজারের স্টেশনারী ব্যবসায়ী বশির উদ্দিনের দোকানে যায়। এসময় বশির দোকানের শাটার বন্ধ করে শিশু ছাত্রীকে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে না জানাতে সে ছাত্রীটিকে ভয় দেখায়। মেয়েটি বাড়ি ফিরে ভয়ে পরিবারের কাছে ঘটনাটি জানায়নি।
ঘটনার দুইদিন পর শারীরিক অবস্থার অবনতি হলে ছাত্রীটি তার চাচীকে ঘটনার কথা জানায়।
শনিবার রাতে ভিকটিমের মামা বশির উদ্দিনের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা করেন। পুলিশ সে রাতেই বশিরকে গ্রেফতার করে। সে উপজেলার কাইতাবন্দ অফিসবাজার গ্রামের আজির উদ্দিনের ছেলে।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রোববার আদালতের মাধ্যমে বশিরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।