Sylhet Today 24 PRINT

আত্মগ্লানিতে নৈশ প্রহরীর আত্মহত্যা

কমলগঞ্জে দাদনের টাকা পরিশোধ করতে না পেরে আত্মগ্লানিতে নৈশ প্রহরীর আত্মহত্যার অভিযোগ

কমলগঞ্জ(মৌলভীবাজার)সংবাদদাতা |  ২৮ ফেব্রুয়ারী, ২০১৫

কমলগঞ্জে দাদনের টাকা ফেরৎ দিতে না পেরে দাদন ব্যবসায়ীর চাপে সুফিয়ান মিয়া (৪০) নামে এক নৈশ প্রহরী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় নৈশ প্রহরীর লাশ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। শনিবার ভোর রাতে পতনউষার ইউনিয়নের বৃন্দাবনপুর বাজার এলাকায়  এ ঘটনাটি ঘটলে সকাল সোয়া নয়টায় পুলিশ লাশ উদ্ধার করে।
    নিহত নৈশ প্রহরীর স্ত্রী সাহানা বেগম ও গ্রামবাসীরা জানান, প্রতি রাতের মত শুক্রবার সারারাত বৃন্দাবনপুর বাজারের নৈশ প্রহরী সুফিয়ান মিয়া বাজার পাহারা দিলেও ভোর বেলা একটি ঘরের চালার সাথে তার লাশ ঝুলতে দেখা যায়। গ্রামবাসীরা জানান, বৃন্দাবনপুর গ্রামের ব্যবসায়ী সজিব মিয়ার কাছ থেকে পাঁচ বছর আগে নৈশ প্রহরী দাদনে ১৮ হাজার টাকা নিয়েছিলেন। প্রতি বছর ১৮ মন করে পাঁচ বছরে ৯০ মন ধান দিলেও দাদনের মূল ১৮ হাজার টাকা বাকী রয়েছে। এ টাকার জন্য দাদন ব্যবসায়ী সজিব মিয়া নৈশ প্রহরী সুফিয়ানের উপর চাপ সৃষ্টি করে। শুক্রবার দুপুরে দাদন ব্যবসায়ী সুফিয়ান মিয়াকে শনিবারের মধ্যে দাদনের টাকা ফেরৎ না দিলে হয় বাড়ি বিক্রি করে নয় বউ বিক্রি করে দিতে হবে বলে চাপ সৃষ্টি করেন। এ ঘটনায় আত্মগ্লানিতে নৈশ প্রহরী আত্মহত্যা করে।
    তবে অভিযুক্ত দাদন ব্যবসায়ী সজিব মিয়া ১৮ হাজার টাকার কথা স্বীকার করলেও টাকা ফেরত দিতে তিনি কোন চাপ দেননি ও কোন কঠুক্তিও করেননি বলে জানান।
    শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মতিউর রহমান বলেন, মেডিক্যাল রিপোর্ট ও তদন্ত ছাড়া সঠিক কোন কিছু বলা যাচ্ছে না। আপাতত এ ঘটনায় একটি অপমৃত্যু দায়ের করা হবে। আর তদন্তক্রমে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.