Sylhet Today 24 PRINT

তনু হত্যার বিচার দাবিতে বিয়ানীবাজারেও মানববন্ধন

বিয়ানীবাজার প্রতিনিধি:  |  ৩০ মার্চ, ২০১৬

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে বিয়ানীবাজারে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

৩০ মার্চ বুধবার দুপুরে বিয়ানীবাজার পৌরশহরের পিএইচজি হাই স্কুলের সম্মুখে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচীতে অংশগ্রহণ করে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত ছাত্র ছাত্রী।  কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গণ জাগরণ মঞ্চ বিয়ানীবাজার এর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে অংশগ্রহণ করে সুশাসনের জন্য নাগরিক (সুজন), দুর্নীতি প্রতিরোধ কমিটি বিয়ানীবাজার, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিয়ানীবাজার সরকারী কলেজ, পঞ্চখন্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়, খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতন, বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন। এ সময় তারা প্রায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন।

“যুদ্ধাপরাধীর বিচার পাচ্ছি ৪৫ বছর পর, তনু হত্যার বিচার পাব কত বছর পর”, “তনু হত্যা নিয়ে টালবাহানা চলবে না”-সমস্ত প্লে-ক্লার্ড নিয়ে মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। মানববন্ধনে অংশগ্রহণকারী কয়েকজন শিক্ষার্থী বলে, ‘তনু আমার বোন, আজ তনু’র সাথে অবিচার হয়েছে তার বিচার চাই। তা না হলে কাল যে আমার সাথে এ ধরনের ঘটনা ঘটবে তার কোনো নিশ্চয়তা আছে কী? প্রশাসন যদি অনতিবিলম্বে এই হত্যাকাণ্ডটির সুষ্টু বিচার না করে তাহলে আমরা কঠোর কর্মসূচী নিতে বাধ্য হব।’

গণজাগরণ মঞ্চ বিয়ানীবাজার এর মুখপত্র হাসান শাহরিয়া বলেন, ‘সরকার যদি তনু হত্যার বিচার নিয়ে টালবাহানা করে তাহলে গণজাগরণ মঞ্চ কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে। যুদ্ধাপরাধীদের বিচার দাবীতে যদি গণজাগরণ মঞ্চ রাজপথে নামতে পারে তাহলে আমাদের বোনদের জন্য আমরা আরও বড় ধরনের কর্মসূচী নিয়ে রাস্তার উপস্থিত হব। ধর্ষক যে-ই হোক সে যদি সেনাবাহিনীর লোকও হয় সরকারকেই তা খোঁজে বের করতে হবে এবং তাকে কঠোর শাস্তি প্রদান করা হউক যাতে শাস্তি দেখে অন্য কোনো ধর্ষক আর এরকম এহেন কর্মকাণ্ড ঘটার পূর্বে শতবার চিন্তা করবে।’

সুজনের সভাপতি মজির উদ্দিন আনসার বলেন, ‘ক্যান্টনমেন্টের মতো একটি নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ের স্থানে যদি এরকম একটি হত্যাকাণ্ডের অপরাধীরা পার পেয়ে যায় তাহলে আমরা কোন স্থানকে নিরাপদ মনে করব। বিচারহীনতার সংস্কৃতির কারণে এ ধরণের হত্যাকাণ্ড ঘটাতে অপরাধীদের উৎসাহিত করছে।  যদি এরকম চলতে থাকে তাহলে অদূর ভবিষ্যতে দেশ একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে। তাই সরকারকে যত দ্রুত সম্ভব তনু সহ সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে।’

দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলী আহমদ বলেন, ‘আমরা অত্যন্ত মর্মাহত যে জায়গাটিতে তনুকে হত্যা করা হয়েছে সেখানে বিনা অনুমতিতে সাধারণ মানুষের যাতায়াত নিষিদ্ধ। অথচ সেই জায়গায় আমাদের দেশের মা-বোন নিরাপদ নয়। আমরা সরকারকে অনুরোধ করব, অপরাধী যে দলের হউক তারা যেন কোনোমতেই ছাড় না পায়।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.