হবিগঞ্জ প্রতিনিধি | ৩০ মার্চ, ২০১৬
পাকিস্তান এখনও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাই তাদেরকে অবশ্যই ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি।
তিনি বলেন, পাকিস্তান আমাদের দেশে জঙ্গিদের মদদ দিচ্ছে। বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য তারা চেষ্টা করছে। স্থানীয়ভাবে বিএনপি, জামায়াত, নেজামে ইসলামসহ যারা স্বাধীনতার সময় পাকিস্তানের পক্ষ নিয়েছিল তারা এখনও অখণ্ড পাকিস্তান সৃষ্টির ষড়যন্ত্র করছে।
বুধবার (৩০ মার্চ) দুপুরে হবিগঞ্জ জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
সাম্প্রতিক সময়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বিরুদ্ধে দেওয়া সুপ্রিম কোর্টের অর্থদণ্ডের বিষয়ে সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের পদত্যাগের কোন বিধান নেই। পদত্যাগ তখনই করবে যখন নৈতিক স্খলনজনিত কারণে যদি তাদের সাজা হতো।
জেলা মটর মালিক গ্রুপের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো. ফজলুর রহমান চৌধুরী। সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজিব আলীর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়।
অন্যান্যের মাঝে বক্তৃতা করেন সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী। এর আগে মন্ত্রী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্মিত কার্যালয় উদ্বোধন করেন।