সিলেটটুডে ডেস্ক | ০১ এপ্রিল, ২০১৬
সিলেটের খ্যাতনামা প্রবীণ শিক্ষক শৈলেশ রঞ্জন দেব যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তিনি কণ্ঠশিল্পী শুভ্র দেবের বাবা।
বৃহস্পতিবার দিবাগত রাতে নিউইয়র্কের মাউন্ট সাইনাই হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
প্রবাসী শৈলেশ রঞ্জন দেব বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
সিলেট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন এই জনপ্রিয় শিক্ষকের মৃত্যুতে তাঁর শিক্ষার্থীরা শোক জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে প্রবাসে থাকা অনেকেই তাঁদের প্রিয় শিক্ষককে শেষবারের মতো দেখতে দূর-দূরন্তের অঙ্গরাজ্য থেকে ছুটে এসেছেন বলে জানা যায়।
কণ্ঠশিল্পী শুভ্র দেবও নিউইয়র্ক গেছেন। তিনি জানিয়েছেন, শনিবার দুপুরে নিউইয়র্কেই তাঁর বাবার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুরে মরদেহ দেখার জন্য কুইন্সে করোনা এলাকায় কপোলা ফিউনারেল হোমে রাখা হবে।
নিউইয়র্কের জালালাবাদ অ্যাসোসিয়েশন, সিলেট সদর সমিতিসহ বেশ কিছু সংগঠন শৈলেশ রঞ্জন দেবের মৃত্যুতে শোক জানিয়েছে। শৈলেশ রঞ্জন দেব দীর্ঘদিন সিলেটে শিক্ষকতা করেন। তিনি এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।