Sylhet Today 24 PRINT

মাকে দেখে ঢাকায় ফিরে গেলেন কারামুক্ত আরিফ

নিজস্ব প্রতিবেদক |  ০২ এপ্রিল, ২০১৬

তিনদিন সিলেট অবস্থানের পর চিকিৎসার জন্য ফের ঢাকায় চলে গেছেন সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্তকৃত ও সদ্য কারামুক্ত আরিফুল হক চৌধুরী। শুক্রবার জুমার নামাজের পর তিনি সড়ক পথে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করেন বলে জানান মেয়রের একজন ঘনিষ্টজন।

পারিবারিক সূত্র জানায়, আরিফুল হক শুক্রবার নগরীর কুমাপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। এ সময় এলাকাবাসীর সঙ্গেও সাক্ষাত করেন তিনি।

জুমার নামাজ শেষে তিনি নিজ বাসায় অবস্থান করেন এবং পরে বিকালে তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। আরিফের সাথে তার স্ত্রী শামা হক চৌধুরীও ঢাকা যাচ্ছেন।

কারামুক্তির পর সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীকে মঙ্গলবার দুপুরে অ্যাম্বুলেন্সযোগে সিলেটে আনা হয়। সিলেটে আসার পর পরই তিনি নগরীর মাউন্ট অ্যাডোরা হাসপাতালে চিকিৎসাধীন তার অসুস্থ তাকে দেখতে যান। বৃহস্পতিবার তিনি কিবরিয়া হত্যা মামলায় সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাজিরা দেন। আদালতে হাজিরা দেওয়ার পর তিনি হাসপাতালে না গিয়ে নগরীর কুমারপাড়াস্থ নিজ বাসায় যান। বাসায় গিয়ে তিনি পরিবারের সদস্যদের নিয়ে রাত যাপন করেন।

ঢাকা যাওয়ার আগে আরিফুল হক জানান, কারাগার থেকে মুক্তি পেলেও তিনি এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। মাত্র দুই দিনের ছুটি নিয়ে তিনি সিলেটে এসেছিলেন।

কিবরিয়া হত্যার ঘটনায় দায়ের করা দুটি মামলায় ১৫ দিনের জামিন লাভের পর সোমবার কারাগার মুক্তি পান সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর থেকে আরিফুল হককে কারাবরণ করতে হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.