Sylhet Today 24 PRINT

হবিগঞ্জ থেকে আরও এক শিশু নিখোঁজ

হবিগঞ্জ প্রতিনিধি |  ০২ এপ্রিল, ২০১৬

আবারও হবিগঞ্জের বানিয়াচং থেকে ফয়ছল নামে এক শিশু মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। ঘটনার ৭ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত তার কোন হদিস পাওয়া যায়নি।

ছেলেকে হারিয়ে নাওয়া-খাওয়া ছেড়ে দিয়েছেন তার মাসহ ভাই-বোনেরা। পরিবারের সদস্যরা হন্যে হয়ে খুঁজছেন তাকে। অপরিচিত কাউকে দেখলেই জানতে চান সন্তানের সন্ধান। এ ঘটনায় মাদ্রাসায় শিশুদের মাঝেও বিরাজ করছে আতংক।

নিখোঁজ ছাত্রের পরিবারসূত্রে জানা যায়, উপজেলার যাত্রাপাশা গ্রামের মাছ ব্যবসায়ী মহিদুর মিয়ার ছেলে ফয়ছল আহমেদ কালিকাপাড়া আল মদিনা শিশু একাডেমির প্রথম শ্রেণীর ছাত্র। ১৯ মার্চ সে অসুস্থ হয়ে পড়লে ছুটি নিয়ে বাড়ি যায়। ২৬ মার্চ সকালে বাড়ি থেকে ৫০ টাকা নিয়ে মজা (চকলেট, চিপস) কিনতে দোকানে যায়। এরপর থেকে সে আর ফিরে আসেনি। এ ঘটনায় তার মা নূরুন্নাহার থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।

নিখোঁজ ফয়ছলের মা নূরুন্নাহার জানান, ৪ ছেলে-মেয়ের মাঝে ফয়ছল সবার বড়। তাদের বাবা আরেক সংসার গড়ে অন্যত্র বসবাস করছেন। তিনি সন্তানদের নিয়ে খুব কষ্টে সংসার চালাচ্ছেন। বড় ছেলেকে হারিয়ে তিনি এখন পাগল প্রায় হয়ে পড়েছেন। শুধু বিলাপই যেন তার সম্বল হয়ে উঠেছে।

ফয়ছল নিখোঁজের ঘটনায় মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের মাঝে আতংক দেখা দিয়েছে। তারা জানান, ফয়ছলকে তারা বিভিন্ন স্থানে খুঁজছেন, এখনও খোঁজছেন। এ ঘটনায় তারাও আতংকিত হয়ে পড়েছেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমূল্য কুমার চৌধুরী জানান, পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছে। সম্ভাব্য সব স্থানে তাকে খোঁজা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.