ডেস্ক রিপোর্ট | ০২ মার্চ, ২০১৫
রাজাকার আবদুল কাদের মোল্লার যাবজ্জীবন রায়ের বিরুদ্ধে তারুণ্যের অগ্নিস্ফুলিঙ্গ গণজাগরণ আন্দোলনের কর্মি-সংগঠক জগতজ্যোতি তালুকদারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকি আজ (২ মার্চ)। ২০১৩ সালের ২ মার্চ আখালিয়া তপোবন এলাকায় জামায়াত-শিবির সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে হত্যা করে।
রাজাকারদের ফাঁসির দাবিতে আজন্ম সংগ্রামী, গণজাগরণ আন্দোলনের কর্মি-সংগঠক জগৎজ্যোতি তালুকদারের দ্বিতীয় মৃত্যবার্ষিকীতে গণজাগরণ মঞ্চ, সিলেট তাঁকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে বিবৃতি দিয়েছে।
জগতজ্যোতি তালুকদারের হত্যাকাণ্ডের দুই বছর পার হলেও হত্যাকারীরা এখনও শাস্তির মুখোমুখি হয়নি। আদালতে মামলার চার্জশীট দাখিল হয়েছে কিন্তু সব আসামী এখনও গ্রেফতার হয়নি। ২৪ এপ্রিল ২০১৪ ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে জমা দেয়া হয়। অভিযোগপত্র নং ৮৩। অভিযোগপত্রে শিবিরের সাবেক নেতা গাজী নাছিরকে প্রধান আসামী করা হয়। নগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের হলেন অভিযোগপত্রের ৩৩ নং আসামী।
‘জাতীয় পতাকা হাতে নিয়ে গণজাগরণ মঞ্চের পতাকা মিছিলে অংশ নেয়ায় রোষানলে পড়েছিলেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ও গণজাগরণ মঞ্চের সংগঠক জগতজ্যোতি তালুকদার। এর জের ধরেই এলোপাতাড়ি কুপিয়ে তাকে খুন করা হয়।’ জগতজ্যোতি হত্যা মামলার অভিযোগপত্রে হত্যাকান্ডের কারণ সম্পর্কে এ তথ্য উল্লেখ করা হয়েছে। অভিযোগপত্রে সিলেট মহানগর জামায়াতের আমীর এহসানুল মাহবুব জুবায়ের, নায়েবে আমীর হাফেজ আব্দুল হাই হারুন, সেক্রেটারী সিরাজুল ইসলাম শাহীন, এ্যাসিসটেন্ট সেক্রেটারী ফখরুল ইসলামসহ ৩৩ জনকে আসামী করা হয়েছে। আসামীদের সকলে জামায়াত ও ছাত্র শিবিরের নেতাকর্মী।
এছাড়াও যাদেরকে আসামী করা হয়েছে তারা হলেন, ইউসুফ বিন নূরী চৌধুরী সানী, পারভেজ মিয়া, তানভীর আহমদ, ফয়েজ আহমদ, উবায়দুল হক শাহীন, ফয়জুল হক, রিয়াজ মিয়া, রাজিব, মারুফ রহমান, সাঈদ আব্দুল্লাহ, হুসেন আহমদ, এহসানুল করিম, মো: ফখরুল ইসলাম, হাফেজ আব্দুল হাই হারুন, সিরাজুল ইসলাম শাহীন, আনোয়ারুল ওয়াদুদ টিপু, জুবায়ের, গিয়াস উদ্দিন মোল্লা, খলিল খান, মুফতি আলী হায়দার, আতিকুর রহমান, আব্দুল্লাহ, বাশিক উদ্দিন, দুলাল আহমদ, সাফায়েত রহমান, আব্দুল মালেক, নজরুল ইসলাম, ওমর ফারুক বাপ্পী, সাদিকুর রহমান, ফখরুল আলম সেলিম ও মুজাহিদুল ইসলাম।
অভিযোগপত্রে বলা হয়েছে, ‘যুদ্ধাপরাধী বিচার সংক্রান্ত একটি রায়কে কেন্দ্র করে সারা দেশব্যাপী গণজাগরণ মঞ্চ নামে একটি অরাজনৈতিক আন্দোলন গড়ে উঠলে, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে সিলেটের গণজাগরণ মঞ্চ প্রতিষ্ঠিত হয়। ভিকটিম জগতজ্যোতি তালুকদার এ মঞ্চের সাথে সম্পৃক্ত ছিলেন।
২০১৩ সালের ১ মার্চ গণজাগরণ মঞ্চের উদ্যোগে সিলেটের একটি বিশাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। জগত জ্যোতি এ পতাকা মিছিলে বিরাট জাতীয় পতাকা হাতে মিছিলের অগ্রভাগে ছিলেন। এর ফলে সে জামায়াত ও ছাত্র শিবিরের রোষানলে পড়ে’। ১০ পৃষ্টায় অভিযোগপত্রে হত্যাকান্ডের কারণ ও হত্যাকান্ড সম্পর্কে বিস্তর বর্ণনা দেয়া হয়েছে। অভিযোগপত্রে জামায়াত নেতা হাফেজ আব্দুল হাই হারুন, সিরাজুল ইসলাম শাহীন ও মো: ফখরুল ইসলামকে হুকুমের আসামী করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালের ২মার্চ রাত ৯টায় নগরীর আখালিয়ার তপোবন এলাকার সামনে ঢাকা মেট্রো ডিলার্স ইঞ্জিনিয়ারিং এর সামনে এলোপাতাড়ি কুপিয়ে জগতজ্যোতিকে খুন করা হয়। নিহত জগত দিরাই উপজেলার সিংহনাথ গ্রামের মৃত সতিশ তালুকদারের পুত্র। আহত হন নিহতের বন্ধু জুয়েল আহমদ, সাহেদ আহমদ ও জয়সেন তালুকদার। নিহত জগতের পুরো শরীরে ২৩টি গুরুতর জখম ছিল।