Sylhet Today 24 PRINT

বজ্রপাতে নগরীতে কিশোরী ও কোম্পানীগঞ্জে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ০৫ এপ্রিল, ২০১৬

বজ্রপাতে সিলেট নগরীর ঘাসিটুলায় এক কিশোরী ও কোম্পানীগঞ্জে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এই দু'জনের মৃত্যু হয়। ঘাসিটুলায় নিহত কিশোরীর নাম কলি বেগম (১২) ও কোম্পানীগঞ্জে নিহত কৃষকের নাম আব্দুর রহমান।

জানা যায়, নগরীর ১০ নং ওয়ার্ডের ঘাসিটুলার ইরানের কলোনির বাসিন্দা আজিজুল মিয়ার মেয়ে কলি বেগম মঙ্গলবার দুপুরে প্রতিবেশী শিউলির সাথে খেলা করছিলো। দুপুর দেড়টার দিকে হঠাৎ বজ্রপাতের প্রকান্ড শব্দে দু'জনই অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর শিউলির জ্ঞান ফিরলেও কলির জ্ঞান ফিরেনি। পরে তাকে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলিদের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুরে।

এদিকে, মঙ্গলবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস গ্রামে বজ্রপাতে আব্দুর রহমান (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়। নিহত আব্দুর রহমান সুনামগঞ্জের ছাতক উপজেলার বউলা গ্রামের মিছির আলীর ছেলে।

স্থানীয়রা জানান, ঘটনার সময় ইসাকলস ধুপড়ি হাওরে রোরো ধান কাটছিলেন আব্দর রহমান। এ সময় বৃষ্টিপাত ও তুফান শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েস আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, মরদেহ নিহতের পরিবারের লোকজন নিয়ে গেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.