Sylhet Today 24 PRINT

চিকিৎসায় অবহেলায় মামলা: বাদীকে আইনী নোটিশ উইমেন্স হাসপাতালের

সিলেটটুডে ডেস্ক |  ০৬ এপ্রিল, ২০১৬

চিকিৎসায় অবহেলায় অঙ্গহানির ঘটনায় দায়েরকৃত দু’টি মামলায় সংক্ষুব্ধ হয়ে মামলার বাদী সাংবাদিক বদরুর রহমানকে আইনী নোটিশ দিয়েছে সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

আইনী নোটিশে উইমেন্স মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ সাংবাদিক বাবর কর্তৃক আদালতে দায়েরকৃত মামলাকে ‘মিথ্যা’ আখ্যায়িত করে। একই সাথে এ মামলা দায়ের করায় কলেজের ২৫ কোটি টাকা ক্ষতি হয়েছে বলেও দাবি করা হয়েছে বলে নোটিশে।

এদিকে, সাংবাদিক বাবর তার আইনজীবীর মাধ্যমে এই নোটিশের জবাব প্রদান করেছেন বলে জানা গেছে।

বাংলাভিশনের সিলেট অফিসের ক্যামেরাপার্সন ও টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি বদরুর রহমান বাবর বরাবরে এডভোকেট এএফএম রুহুল আনাম চৌধুরী প্রেরিত ঐ নোটিশে দেওয়ানী ও ফৌজদারি মামলা করার হুমকি দেওয়া হয়।

গত ১৬ মার্চ সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের লিগ্যাল এডভাইজার এএফ মো. রুহুল আনাম চৌধুরী ও ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর মৃগেন কুমার দাস চৌধুরী স্বাক্ষরিত লিগ্যাল নোটিশ ২১ মার্চ হাতে পান সাংবাদিক বদরুর রহমান বাবর।

পরবর্তীতে তার আইনজীবী শহীদুজ্জামান চৌধুরী ৩০ মার্চ লিগ্যাল নোটিশের জবাব দেন। জবাবে সাংবাদিক বাবরের পক্ষ থেকে বলা হয়, বিচারাধীন মামলার প্রেক্ষিতে প্রেরিত নোটিশটির ‘কোনো লিগ্যাল কারেক্টর’ নাই। নিজেদের দোষ ঢাকতে হাসপাতাল কর্তৃপক্ষ বদরুর রহমান বাবরকে বিভিন্ন লোভ লালসা দেখিয়ে আইনী প্রতিকার প্রার্থনা থেকে নিবৃত্ত করতে ব্যর্থ হয়ে মামলা দায়েরের ভয়ভীতি প্রদর্শন করতে নোটিশটি দেওয়া হয়েছে। যা দন্ডবিধির আওতায় আরো একটি অপরাধ। এ ব্যাপারে আইনীপন্থা অবলম্বন করা হবে।’

লিগ্যাল নোটিশের জবাবের কপি হলিল্যান্ড প্রাইভেট লিমিটেড ও সিলেট হেলথ এন্ড এডুকেশন সার্ভিস লিমিটেডের (সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতাল) ৮০ জন পরিচালককেও প্রেরণ করা হয়েছে বলে জানান সাংবাদিক বাবরের অপর আইনজীবী এডভোকেট তাজ উদ্দিন।

উল্লেখ্য, সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসায় অবহেলার কারণে সাংবাদিক বদরুর রহমান বাবরের শিশুপুত্র সাফি অঙ্গহানির শিকার হয়। তার ডান হাতের তর্জনী কেটে ফেলতে হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি সিআর ৩৬৫/২০১৫ ও টাকা মোকদ্দমা ০৩/২০১৬ দায়ের করা হয়। প্রথম মামলায় ৩ ডাক্তারসহ ৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের তারিখ আগামী ২১ এপ্রিল ধার্য্য করেছেন আদালত। দ্বিতীয় মামলায় সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ড. ওয়ালী তছর উদ্দিনসহ ৯ জনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.