নিজস্ব প্রতিবেদক | ০৬ এপ্রিল, ২০১৬
সোমবার রাতে ঝড় শুরু হওয়ায় পর বিদ্যুৎ গিয়েছিলো। এরপর দুই দিন পেরিয়ে গেলেও বিদ্যুৎ আসেনি। এতে খাদিমপাড়ার এলাকাবাসী বিক্ষুব্দ হয়ে বুধবার সন্ধ্যা ৬ থেকে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করেন।
সন্ধ্যা ৭ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সিলেট তামাবিল সড়কের অনন্ত ৩টি স্থানে অবরোধ করছিলো স্থানীয় এলাকাবাসী। এতে ব্যস্ততম এই সড়কের দুই পাশে দীর্ঘ যানজট লেগে আছে। [আপডেট: রাত ৯টায় পুলিশের মধ্যস্থতায় অবরোধ প্রত্যাহার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে]
সন্ধ্যা ৬ টায় খাদিমপাড়া হিল ভিউ টাওয়ারের সামনে, দাসপাড়ার সামনে ও খাদিমপাড়া ইউপির সামনে বিক্ষুব্দ এলাকাবাসী সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় সড়কে টায়ার জ্বালিয়েও বিক্ষোভ করে তারা। বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধেও শ্লোগান দিতে থাকে তারা। এলাকার নারীরাও রাস্তায় নেমে এসে বিক্ষোভ করছেন।
এলাকাবাসীর অভিযোগ, সোমবার মধ্যরাতে ঝড় শুরু হওয়ার পর বিদ্যুৎ চলে যায়। এরপর দুইদিনেও বিদ্যুৎ আসেনি। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সাথে বারবার যোগাযোগ করা হলেও কেউ সাড়া দেয় নি।
এ ব্যাপারে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, ঝড়ে বিদ্যুতের সঞ্চালন লাইন ছিড়ে গেছে। লাইন মেরামতের কাজ চলছে।
শাহপরান থানার ওসি মোহাম্মদ শাহজালাল মুন্সী সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এলাকাবাসীকে বুঝিয়ে অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করছে।
তবে বিক্ষোভকারীদের একজন খাদিমপাড়া এলাকার বাসিন্দা রায়হান বলেন, "বিদ্যুৎ না দেয়া পর্যন্ত রাস্তা ছাড়ব না"।