Sylhet Today 24 PRINT

৮০ লাখ টাকার দরপত্র ছিনিয়ে নিলো "ছাত্রলীগ"

সকালে সিলেট এলজিইডি অফিসের বাক্স ভেঙ্গে টেন্ডার ছিনিয়ে নেওয়া হয়

নিজস্ব প্রতিবেদক |  ০২ মার্চ, ২০১৫

ফের টেন্ডারবাজির অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। এবার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)-এর সিলেট অফিসের টেন্ডার ছাত্রলীগ সন্ত্রাসীরা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

সেমাবার সকাল সাড়ে ১০ টায় নগরীর নবাব রোডস্থ এ অফিসের ৮০ লাখ টাকার দরপত্র (টেন্ডার) ছিনতাইর ঘটনা ঘটেছে। এসময় টেন্ডার বাক্স ভেঙে ভেতরে রক্ষিত দরপত্র ছিনিয়ে নেয়। ছিনতাইর এ ঘটনার সাথে ছাত্রলীগ নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। ছিনতাইর কারণে দরপত্রটি বাতিল করেছে কর্তৃপক্ষ।

এলজিইডি’র সিলেট অফিস সূত্রে জানা যায়, সিলেট সদর, ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ ও জকিগঞ্জের বিভিন্ন অফিসের জন্য ৮০ লাখ টাকার ফার্ণিচার ক্রয়ের জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল। সোমবার ছিলো দরপত্র জমা দেয়ার শেষ দিন।

সকাল সাড়ে ১০টার দিকে একটি মোটর সাইকেলে দুই যুবক এসে টেন্ডার বাক্স ভেঙে ভেতরে রক্ষিত একটি সিডিউল (দরপত্র) ছিনিয়ে নেয়। এসময় অফিসের ৪র্থ শ্রেণীর কর্মচারী সুমন দাস ও জাহানারা বেগম বাধা দিতে গেলে তাদেরকে ভয়ভীতি ও হুমকি দিয়ে যুবকরা পালিয়ে যায়।

ছিনতাইকারীরা ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে অভিযোগ করেছেন এই অফিসের কয়েকজন কর্মকর্তা।

টেন্ডার ছিনতাইর খবর পেয়ে কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ এলজিইডি অফিসে ছুটে যান। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরিদর্শক মোশাররফ হোসেন বলেন, টেন্ডার ছিনতাইর ঘটনার খবর পেয়ে এলজিইডি অফিসে ছুটে আসলেও কাউকে পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে টেন্ডার ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এলজিইডি সিলেটের নির্বাহী প্রকৌশলী স্বপন কান্তি পাল বলেন, ছিনতাই হয়ে যাওয়ার কারনে দরপত্রটি বাতিল করা হয়েছে। পরবর্তীতে নতুন করে দরপত্র আহ্বান করা হবে। টেন্ডার কারা ছিনতাই করেছে এ ব্যাপারে কিছু জানেন না বলে মন্তব্য করেন স্বপন।

 

 

 

 

 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.