সিলেটটুডে ডেস্ক | ০৭ এপ্রিল, ২০১৬
সিলেট সিটি কর্পোরেশনের মালিকানাধীন বিভিন্ন মার্কেটের দোকান কোঠা নতুন করে নবায়নের সিদ্ধান্ত নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে সিটি কর্পোরেশনের পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহন করা হয়। সিদ্ধান্ত মোতাবেক সিটি কর্পোরেশনের স্ট্যান্ডিং কমিটির মতামতের ভিত্তিতে নতুন নবায়ন ফি নির্ধারণ করা হবে।
সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের সভাপতিত্বে কর্পোরেশনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ এবং কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীবের সঞ্চালনায় সভায় আরও একাধিক গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী সিটি কর্পোরেশনের প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে ডিজিটাল সেন্টার স্থাপন করা হবে। কাউন্সিলর কার্যালয়ে স্থাপিত এই সেন্টারে কম্পিউটার ছাড়াও থাকবে প্রিন্টারসহ আনুষঙ্গিক যন্ত্রপাতি যার মাধ্যমে উপকৃত হবেন ওয়ার্ডবাসী।
এছাড়াও জালালাবাদ পার্কে শিশুদের জন্য রাইড স্থাপনপূর্বক এই পার্ককে আরও সংস্কার করে আধুনিকায়নের সিদ্ধান্তও সভায় গৃহিত হয়। মহানগরীতে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান অব্যাহত রাখার পাশাপাশি এখন থেকে মহানগরীতে নতুন কোন বিলবোর্ডের অনুমোদনের পূর্বে পরিষদের সভায় তা উপস্থাপনের সিদ্ধান্তও সভায় গ্রহন করা হয়।
এছাড়াও বন্দরবাজার পয়েন্টে টাইম টাওয়ার তাড়াতাড়ি স্থাপনের ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ ও নির্দেশনা এবং চৌহাট্টাস্থ বুদ্ধিজীবী কবরস্থান পূবালী ব্যাংক কর্তৃক রক্ষনাবেক্ষনের আগ্রহ প্রকাশের প্রেক্ষিতে তা চূড়ান্ত করা হয়।
এছাড়াও সিলেট সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ভাতা বৃদ্ধির পাশাপাশি মাস্টার রুলে কর্মরত সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের নতুন স্কেল অনুযায়ী সমন্বয়ের সিদ্ধান্তও সভায় গ্রহণ করা হয়।