নিজস্ব প্রতিবেদক | ১০ এপ্রিল, ২০১৬
সিলেটে খাদ্যপণ্য প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠান নেসলের ১৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
রোববার দুপুরে নগরীর ঝর্ণারপাড় এলাকায় ছিনতাইয়ের ঘটনাটি ঘটলেও পুলিশকে অবহিত করা হয় বিকেলে।
নেসলে সংশ্লিষ্টরা জানান, পণ্যমূল্য উত্তোলনের ১৮ লাখ টাকা নিয়ে তালতলা এবি ব্যাংকে জমা দিতে কোম্পানির বিক্রয়কর্মী উত্তম কুমারকে সঙ্গে নিয়ে রিকশাযোগে যাচ্ছিলেন কোম্পানির সিলেটের হিসাবরক্ষক শৈলেন কুমার।
ঘটনাস্থলে পৌঁছামাত্র একটি সিএনজিচালিত অটোরিকশায় চারজন ছিনতাইকারী তাদের গতিরোধ করে ব্যাগে থাকা ১৮ লাখ টাকা ছিনিয়ে পালিয়ে যায়।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোশাররফ হোসেন বলেন, ছিনতাইয়ের ঘটনাটি দুপুরে ঘটলেও পুলিশকে জানানো হয় বিকেলে। বিষয়টি সাজানো কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ। তবে এ ঘটনায় এখনও মামলা দায়ের করা হয়নি।