সিলেটটুডে ডেস্ক | ১০ এপ্রিল, ২০১৬
সিলেট কোতোয়ালী থানার ওসি সুহেল আহমদের প্রত্যাহারের দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা। রবিবার সিলেট নগরীকে মিছিল-সমাবেশ করে এ আল্টিমেটাম দেয়া হয়।
রবিবার বিকেলে সিলেট জেলা পরিষদের সামনে থেকে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে ওসির বিরুদ্ধে মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুরমা পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ওসি সুহেল বিএনপি-জামায়াতের চর। তিনি জামায়াত-বিএনপির সাথে আঁতাত করে চলছেন। ওসি সুহেলের প্রত্যক্ষ মদদে নগরীর কুয়ারপাড়ে ছাত্রদল নেতা সামাদের নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়েছে। এতে আহত হন দলীয় নেতাকর্মী। ছাত্রদলের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীদের উপর ওসির নির্দেশে পুলিশ গুলিও চালায় বলে অভিযোগ করেন বক্তারা।
ওসি সুহেলকে ২৪ ঘন্টার মধ্যে কোতোয়ালী থানা থেকে প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন বক্তারা।
প্রতিবাদ সমাবেশে মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মুহিব উস সালাম রিজভীর সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফসার আজিজ, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা গোলাম কিবরিয়া মাসুক, পিযুষ কান্তি দে, অরুণ দেবনাথ সাগর, এমদাদ রহমান, মকবুল হোসেন জাবেদ, মাসুক আহমদ, সারোয়ার আলম মিথুন সহ জেলা মহানগরের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শনিাবার রাতে নগরীর কুয়ারপাড়ে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক লীগের সংঘর্ষ হয়। সংঘর্ষ থামাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি করে।